নিউজ পোল ব্যুরো: টলিউডে দীর্ঘদিন ধরে তাঁদের নাম উচ্চারিত হয়েছে প্রতিদ্বন্দ্বী হিসেবে। একই প্রজন্মের দুই জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। কিন্তু সময় সবকিছুর সমীকরণ বদলে দেয়। এক সময় যাঁরা একে অপরের সঙ্গে কথাও বলতেন না, আজ তাঁদের বন্ধুত্বেই মুগ্ধ ভক্তকুল। আর সেই বন্ধুত্বকেই নতুন মাত্রা দিলেন দুই তারকা, যা এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
আরও পড়ুন: Rahul Sinha: ভারতীয় সেনা নিয়ে মুখ্যমন্ত্রীর উপর খড়গহস্ত
সম্প্রতি এক রিল ভিডিয়োয় শুভশ্রী মিমিকে (Mimi Chakraborty) বলিউডের দীপিকা পাড়ুকোনের সঙ্গে তুলনা করেছেন। শুভশ্রী বলেন, “বলিউডে যদি দীপিকা থাকে, আমাদের বাংলায় আছে মিমি!” এই মন্তব্য শুনেই উচ্ছ্বসিত হয়ে ওঠেন উপস্থিত সকলে। সঙ্গে সঙ্গেই শুভশ্রীকে জড়িয়ে ধরে মিমি বলেন, “লেডি সুপারস্টার।” (Lady Superstar) শুধু কথায় নয়, আবেগঘন মুহূর্তে বন্ধুত্বের ছোঁয়া মাখাতে শুভশ্রীর গালে চুম্বনও করেন মিমি। দুই অভিনেত্রী মিলে ভিডিয়ো শেয়ার করে লেখেন— “এই বছরের সেরা যুগলবন্দি।”

মুহূর্তেই ভিডিয়োটি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।ভক্তদের উচ্ছ্বাসও তুঙ্গে। অনেকে লিখেছেন, এই দুই তারকাকে একসঙ্গে বড়পর্দায় দেখার অপেক্ষায় আছেন তাঁরা। কেউ আবার মন্তব্য করেছেন, “বাংলা ইন্ডাস্ট্রির আসল পাওয়ার প্যাকড জুটি।”তবে আজকের এই মধুর মুহূর্তের পিছনে রয়েছে একটি দীর্ঘ অতীত। শোনা যায়, রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) সঙ্গে শুভশ্রীর বিয়ের আগে পরিচালক-অভিনেত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল মিমির (Mimi Chakraborty) সঙ্গে। সেই সময় দূরত্ব তৈরি হয়েছিল দুই অভিনেত্রীর মধ্যে। কিন্তু অতীতকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছেন তাঁরা।

প্রমাণ মিলেছিল চলতি বছরে মিমির জন্মদিনেই। শুভশ্রী পাঠিয়েছিলেন ফুলের তোড়া, যেখানে ইউভান এবং ইয়ালিনীর নাম লেখা ছিল। মিমি নিজে সেই ছবি শেয়ার করে লিখেছিলেন, “ধন্যবাদ। পুচকুগুলোকে অনেক আদর।” সেখান থেকেই শুরু হয় উষ্ণতার নতুন অধ্যায়।এখন যখন মিমি-শুভশ্রী একসঙ্গে পর্দায় আসার স্বপ্ন দেখছেন দর্শকরা, তখন এই রিল যেন সেই আশাকে আরও উস্কে দিল। প্রতিদ্বন্দ্বী থেকে বন্ধু, আর এখন একে অপরের প্রশংসক— দুই তারকার এই যাত্রা টলিউডে বিরল উদাহরণ হিসেবেই ধরা যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
