Mamata Banerjee: কলকাতার জলাবদ্ধতায় প্রাণহানি, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুতে CESC-কে কাঠগড়ায় তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা রাজ্য শহর

নিউজ পোল ব্যুরো: জলমগ্ন শহর কলকাতা (Kolkata)। এর মাঝেই বিদ্যুতের তারে হাত পড়েই প্রাণ গেল আটজনের। এমন হৃদয়বিদারক ঘটনায় সরাসরি বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা CESC-কে দায়ী করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তার কড়া অভিযোগ, বহুবার সাবধান করা সত্ত্বেও কলকাতার পুরনো ও বিপজ্জনক ওয়্যারিং সংস্কারের কোনও উদ্যোগ নেয়নি সংস্থাটি। এর জেরেই ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।

আরও পড়ুন: Schools: প্রবল দুর্যোগে আগাম ছুটি, রাজ্যের সরকারি স্কুলে পুজো শুরু আগেভাগেই

এক টানা বৃষ্টির জেরে শহরের একাধিক অঞ্চল ডুবে যাওয়ার পাশাপাশি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর খবর সামনে আসতেই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) তড়িঘড়ি প্রশাসনিক তৎপরতা বাড়ানোর নির্দেশ দেন। স্কুল-কলেজে আগাম ছুটি ঘোষণা করার পাশাপাশি, বেসরকারি সংস্থাগুলোকেও ‘ওয়ার্ক ফ্রম হোম’-এর পরামর্শ দিয়েছেন তিনি। এমনকি সরকারি অফিসের কর্মীদেরও প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর বার্তা দিয়েছেন, শুধু মঙ্গলবারই নয়, বুধবারও।

এই প্রাণহানির ঘটনায় শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “আমি আগেও বহুবার সতর্ক করেছিলাম। কিন্তু CESC কোনও ব্যবস্থা নেয়নি। এখন আটজন মারা গিয়েছেন এটা অত্যন্ত লজ্জার। বিদ্যুৎ তো সরকার দেয় না, দেয় CESC। তাই এই পরিবারগুলোর পাশে দাঁড়ানোর নৈতিক দায় তাদেরই।” মুখ্যমন্ত্রী দাবি করেছেন, প্রতিটি মৃতের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি CESC-কে একটি করে চাকরি দিতে হবে। তার মতে, পুরনো অব্যবস্থাপনার দিন ফুরোতে চলেছে। এখনই সময় বিদ্যুৎ পরিকাঠামোর আধুনিকীকরণের।

শুধু শহরের সমস্যাই নয়, জল জমার আরও একটি বড় কারণ হিসেবে মমতা তুলে ধরেছেন ফরাক্কায় অপর্যাপ্ত ড্রেজিংয়ের বিষয়টি। তার দাবি, বিহার ও উত্তরপ্রদেশ থেকে নেমে আসা অতিরিক্ত জল শহরের নিকাশি ব্যবস্থাকে আরও চাপে ফেলেছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole