Mamata Banerjee: অতি ভরসায় মীরজাফরের পরিণতি হতে পারে’, অমিত শাহকে ঘিরে মোদীকে কটাক্ষ মমতার

দেশ রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: ২০২৬-এর বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্যে রাজনীতির পারদ চড়ছে। ঠিক সেই সময়ই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) সতর্কবার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নাম না করে অমিত শাহকে (Amit Shah) ‘মীরজাফর’ বলে কটাক্ষ করলেন তিনি, এবং মোদীকে পরামর্শ দিলেন, “অতিরিক্ত ভরসা বিপদ ডেকে আনতে পারে।”

আরও পড়ুন: Donald Trump: পাকিস্তানকে মার্কিন ক্ষেপণাস্ত্র সহায়তা, দক্ষিণ এশিয়ায় কৌশল বদলের বার্তা?

উত্তরবঙ্গের প্রাকৃতিক দুর্যোগের পর বুধবার কলকাতায় ফেরেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। বিমানবন্দরে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, “ভোটের জন্য টাকা আছে, কিন্তু ত্রাণে নেই এই তো বর্তমান সরকারের নীতি। দুর্যোগের মাঝেও রাজনৈতিক কুৎসা বন্ধ হচ্ছে না।” নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করেন, “কমিশন ১৫ দিনের মধ্যে এসআইআর করতে বলছে! এটা কি বিজেপির নির্দেশে হচ্ছে? সব কিছু যেন চলছে অমিত শাহের আঙুলের ইশারায়। উনি যেন অ্যাক্টিং প্রাইম মিনিস্টার!”

এখানেই থামেননি মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। মোদীকে সরাসরি উদ্দেশ্য করে বলেন, “সব কিছু অমিত শাহকে দিয়ে করাবেন না। সব বিষয়ে ওকে ভরসা করলে, মীরজাফরের মতো ইতিহাসের পুনরাবৃত্তি হতে পারে। দুঃখের সঙ্গে বলছি, কিন্তু এটা বাস্তব।” সম্প্রতি উত্তরবঙ্গে বিজেপি সাংসদ খগেন মুর্মুর (Khagen Murmu) উপর হওয়া হামলার ঘটনাকেও কটাক্ষ করেন মমতা। বলেন, “ঘটনাস্থল তো বিজেপির এলাকাতেই। এমপি, এমএলএ সবাই ওদের। এটা কি তাহলে বিজেপির (BJP) নিজেদের ঝামেলা নয়?” তার মতে, “প্রাকৃতিক দুর্যোগে ঘরহারা মানুষ ক্ষুব্ধ হতেই পারে। তবে তদন্ত হবে, দোষীদের রেহাই নেই। কিন্তু ৩০-৪০টা গাড়ি নিয়ে, প্রশাসনকে কিছু না জানিয়ে দুর্গত এলাকায় ঢোকা কতটা যুক্তিযুক্ত?”

ডিভিসি-র জলছাড় নিয়ে তিনি বলেন, “মানুষ বিপদে, আর তখনই জল ছাড়া হচ্ছে কেন? এর পেছনে কী উদ্দেশ্য?” নির্বাচনের প্রাক্কালে কেন্দ্র-বিরোধী তোপ, প্রশাসনিক প্রশ্ন এবং কটাক্ষে ফের উঠে এল ‘বিশ্বাস’ বনাম ‘বিশ্বাসঘাতকতা’র ইতিহাসচর্চা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole