Rahul Gandhi: বিহারে আসন রফা নিয়ে ইন্ডিয়া জোটে টানাপোড়েন, জট কাটাতে লালুকে ফোন করলেন রাহুল গান্ধী

দেশ রাজনীতি

নিউজ পোল ব্যুরো: বিহারে (Bihar) আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ইন্ডিয়া জোটের  শরিকদের মধ্যে আসন বণ্টন নিয়ে জটিলতা এতটাই বেড়ে গিয়েছে যে, শেষপর্যন্ত পরিস্থিতি সামাল দিতে হস্তক্ষেপ করতে হল কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তেজস্বী যাদবের (Tejaswi Yadav) সঙ্গে কংগ্রেসের (Congress) আলোচনা ফলপ্রসূ না হওয়ায় সরাসরি আরজেডি সুপ্রিমো লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) সঙ্গে ফোনে কথা বলেন রাহুল (Rahul Gandhi)।

আরও পড়ুন:Mamata Banerjee: শিলিগুড়িতে গড়ে উঠছে বাংলার সবচেয়ে বড় মহাকাল মন্দির ,মুখ্যমন্ত্রীর ঘোষণা পাহাড় থেকে

সূত্রের খবর, লালুকে ফোন করে রাহুল (Rahul Gandhi) স্পষ্ট জানিয়েছেন, দু’পক্ষ যদি সামান্য আপস করে, তাহলে খুব সহজেই সমাধানে পৌঁছনো সম্ভব। ইন্ডিয়া জোট চায় বৃহস্পতিবারের মধ্যেই চূড়ান্ত আসন সমঝোতা ঘোষণা করতে। কারণ, শুক্রবারই বিহারে প্রথম দফার মনোনয়ন জমার শেষ দিন।

এদিকে এনডিএ (NDA) ইতিমধ্যেই নিজেদের আসনরফা ঘোষণা করে অধিকাংশ আসনে প্রার্থীদের নামও জানিয়ে দিয়েছে। অন্যদিকে, ইন্ডিয়া জোটের শরিকদের মধ্যে মতানৈক্য এখনও মিটেনি। এমন পরিস্থিতিতে কংগ্রেসও নিজেরা কিছু আসনে প্রার্থী ঘোষণা করে দিয়েছে, যেখানে তারা লড়বে তা নিশ্চিত। প্রদেশ কংগ্রেস বুধবার রাত থেকেই সামাজিক মাধ্যমে প্রার্থীদের নাম ও ছবি-সহ পোস্ট শেয়ার করছে। এখন পর্যন্ত ১৭টি বিধানসভা আসনে কংগ্রেস প্রার্থী ঘোষণা করেছে। দলটি দাবি করেছে, এই প্রার্থীরা ইন্ডিয়া জোটের সম্মতিতেই মনোনীত।

২০২০ সালের নির্বাচনে ৭০টি আসনে লড়েও মাত্র ১৯টিতে জয় পেয়েছিল কংগ্রেস। সেই খারাপ স্ট্রাইক রেটের জন্যই মহাজোট সরকার গঠন করতে পারেনি। সেই অভিজ্ঞতা থেকেই এবার তেজস্বী যাদব কংগ্রেসকে পঞ্চাশটির বেশি আসন দিতে নারাজ। তবে কংগ্রেস চায়, এবার তারা শক্তিশালী আসনগুলোতেই লড়ুক যাতে ফল ভালো আসে। শেষ মুহূর্তে জোটের স্বার্থে কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছে কংগ্রেস। সূত্রের খবর, কংগ্রেস ৬১টি আসনে লড়তে রাজি হয়েছে, আরজেডিও ততটাই আসন ছাড়তে রাজি হয়েছে। কিন্তু কোন কোন আসনে লড়বে কংগ্রেস, তাই নিয়ে এখনও মতভেদ।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole