Sovan Chatterjee: শোভন চট্টোপাধ্যায়ের রাজনৈতিক কামব্যাক, দার্জিলিঙে নেত্রীর সঙ্গে বৈঠকের পরই গুরুত্বপূর্ণ দায়িত্বে প্রত্যাবর্তন

breakingnews কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: দীর্ঘদিনের রাজনৈতিক নিরবতার অবসান ঘটিয়ে রাজনীতির মঞ্চে জোরালো প্রত্যাবর্তন ঘটালেন শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। দার্জিলিঙে (Darjeeling) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে ঘনিষ্ঠ বৈঠকের ২৪ ঘণ্টার মধ্যেই শোভনের (Sovan Chatterjee) নাম ঘোষণা হল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটির (NKDA) চেয়ারম্যান পদে। যা নিঃসন্দেহে তার প্রত্যাবর্তনের স্পষ্ট বার্তা দিচ্ছে।

আরও পড়ুন: Mamata Banerjee: “সব কিছু বাংলাকেই সামলাতে হয়”, ভুটান ও দিল্লিকে একসাথে কটাক্ষ মমতার

বৃহস্পতিবার দার্জিলিঙে বৈশাখী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ঘণ্টা দুয়েকের একান্ত বৈঠকে বসেন শোভন। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি না হলেও, শুধু বলেছিলেন, “সময়ই বলবে।” সেই সময়টাই এল একদিনের মধ্যেই। শুক্রবার রাত পোহাতেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা হল শোভনের (Sovan Chatterjee) পদপ্রাপ্তির।

তার ঘনিষ্ঠ মহল আগেই ইঙ্গিত দিয়েছিল, এই বৈঠক নিছক সৌজন্যমূলক নয়, রাজনৈতিক পুনর্বাসনের মঞ্চ হতে চলেছে। তাদের সেই পূর্বাভাস মিলিয়ে গেল দ্রুতই। বিশেষজ্ঞদের মতে, শোভনকে এই পদে বসিয়ে মুখ্যমন্ত্রী একদিকে যেমন পুরনো সৈনিককে পুরস্কৃত করলেন, তেমনই কলকাতা ও তার আশেপাশের প্রশাসনিক পরিকাঠামোয় রাজনৈতিকভাবে আস্থা রাখার বার্তাও দিলেন।

শোভনের ‘কামব্যাক’ নিয়ে গত কয়েক বছর ধরেই চলছিল নানা জল্পনা। ২০২৩ ও ২০২৪ সালের ২১ জুলাইয়ের শহিদ দিবসের মঞ্চে তাঁর উপস্থিতি সেই জল্পনাকে আরও উসকে দিয়েছিল। এমনকি ভাইফোঁটার দিনে মুখ্যমন্ত্রীর বাড়িতে উপস্থিতি নিয়েও বহু চর্চা হয়। তবে তা কখনও আনুষ্ঠানিক রূপ পায়নি। এবারের দার্জিলিং সফর সেই আনুষ্ঠানিকতার ফাঁক পূরণ করল বলেই রাজনৈতিক মহলের মত।

প্রসঙ্গত, ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিলেও খুব বেশিদিন পদ্মশিবিরে মন টেকেনি তাদের। পরে বিজেপি থেকে দূরত্ব রেখে রাজনীতি থেকে একরকম স্বেচ্ছা নির্বাসনে চলে যান শোভন। তবে এবার তার প্রত্যাবর্তন নিঃসন্দেহে তৃণমূলের ভবিষ্যৎ রণকৌশলের গুরুত্বপূর্ণ অংশ বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole