Mamata Banerjee: “সব কিছু বাংলাকেই সামলাতে হয়”, ভুটান ও দিল্লিকে একসাথে কটাক্ষ মমতার

জেলা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: রাজনীতির জল এখন বইছে পাহাড়ি স্রোতের চেয়েও জোরে। উত্তরবঙ্গে (North Bengal) ভয়াবহ বন্যার জন্য সরাসরি ভুটানকে (Bhutan) দায়ী করে ক্ষতিপূরণের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর তার সেই দাবির জেরে এবার তৎপর হচ্ছে কেন্দ্রীয় সরকার।

আরও পড়ুন: Amit Shah: SIR ইস্যুতে মুখোমুখি তৃণমূল ও বিজেপি, মমতার হুঁশিয়ারির পাল্টা জবাব দিলেন অমিত শাহ

বিভিন্ন রাজনৈতিক ইস্যুর মাঝেই এবার জল হয়ে উঠল নতুন বিতর্কের কেন্দ্রবিন্দু। হড়পা বানে বিধ্বস্ত উত্তরবঙ্গ। ভেসে গিয়েছে ঘরবাড়ি, ক্ষতিগ্রস্ত হয়েছে কৃষি ও পরিকাঠামো, প্রাণহানিও ঘটেছে বহু মানুষের। এই পরিস্থিতিতে একপ্রকার দায় চাপিয়েই মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) বলেন, “ভুটান থেকে আচমকা জল ছেড়ে দেওয়ায় আমরা বিপর্যস্ত। সুতরাং, ক্ষতিপূরণও ওদেরই দিতে হবে।”

নাগরাকাটার দুর্গত এলাকা থেকে সরাসরি ভুটান ও দিল্লির বিরুদ্ধে কড়া সুরে আক্রমণ শানিয়ে তিনি জানান, “দিল্লি (Delhi) কিছুই করে না। সব কিছু আমাদের রাজ্যকেই সামলাতে হয়। আমি বারবার ইন্দো-ভুটান যৌথ নদী কমিশন গঠনের কথা বলে এসেছি। কিন্তু কেন্দ্র তাতে কোনও আগ্রহই দেখায়নি।” মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) এই মন্তব্যের প্রেক্ষিতে অবশেষে নড়েচড়ে বসেছে বিদেশ মন্ত্রক। বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠকে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Ranadheer Jaiswal) বলেন, “পশ্চিমবঙ্গে যে বন্যা হয়েছে, তা নিয়ে এখনই আমার কাছে হাইড্রোলজিক্যাল তথ্য নেই। তবে বিষয়টি আমরা খতিয়ে দেখব।” তিনি আরও জানান, ভারতের সঙ্গে ভুটানের দীর্ঘদিনের সুসম্পর্ক রয়েছে, এবং জল সংক্রান্ত বিষয়েও দুই দেশের মধ্যে তথ্য আদানপ্রদানের প্রক্রিয়া রয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মুখ্যমন্ত্রীর এই দাবি কেবল জলবায়ু বা প্রাকৃতিক দুর্যোগের অভিযোগ নয়, এটি একটি সুপরিকল্পিত কূটনৈতিক ও রাজনৈতিক বার্তা। দিল্লিকে চাপে রাখা ও রাজ্যের পক্ষ নিয়ে সরাসরি কেন্দ্র এবং ভুটানের বিরুদ্ধে অবস্থান নেওয়া, আসন্ন লোকসভা নির্বাচনের আগে তা নিঃসন্দেহে একটি কৌশলগত চাল বলেই মনে করা হচ্ছে।

এদিকে মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, অবিলম্বে ইন্দো-ভুটান নদী কমিশন গঠন না হলে ভবিষ্যতেও এমন বিপর্যয় বারবার ঘটবে বলে আশঙ্কা করছেন পরিবেশবিদ ও প্রশাসনিক মহল। উত্তরবঙ্গবাসীর দুর্ভোগের মাঝেই রাজ্য সরকার পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনিক তৎপরতা চালাচ্ছে, মুখ্যমন্ত্রী নিজে পরিদর্শনে গিয়ে পরপর নির্দেশ দিচ্ছেন পুনর্গঠনের।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole