নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গে ‘বিশেষ নিবিড় সমীক্ষা’ (SIR) নিয়ে রাজনীতির পারদ চড়ছে চরমে। ভোটার তালিকা শুদ্ধকরণকে কেন্দ্র করে শুরু হওয়া এই বিতর্ক এখন পরিণত হয়েছে তীব্র রাজনৈতিক বাকযুদ্ধে। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সাফ বার্তা, “বাংলায় এসআইআর হবেই না”, অন্যদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর (Amit Shah) কড়া পাল্টা বক্তব্য “হবে, এবং ঠিক বিহারের মতোই সফলভাবে হবে।”
SIR নিয়ে রাজ্যে বিজেপির অবস্থান ঘিরে প্রশ্ন তুলেছিলেন মমতা। তার অভিযোগ, এই সমীক্ষার আড়ালে এনআরসির (NRC) পরিকল্পনা রয়েছে। তার কটাক্ষ, “এসআইআর মানেই বিজেপির (BJP) খেলা শুরু। এর মাধ্যমে বৈধ ভোটারদের বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে। বাংলার মানুষ তা মেনে নেবে না।” পাশাপাশি, সীমান্তবর্তী জেলা ও সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে এই সমীক্ষা চালিয়ে ‘ভোটার বেছে বেছে বাদ’ দেওয়ার চেষ্টার অভিযোগও তুলেছে তৃণমূল (TMC)।
এই অবস্থানকে কড়া ভাষায় খণ্ডন করলেন অমিত শাহ (Amit Shah)। ‘আজ তক’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “এসআইআর কোনও নতুন বিষয় নয়। ১৯৫৩ সাল থেকে এই প্রক্রিয়া চলে আসছে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এমনকি সোনিয়া গান্ধীর আমলেও এটি হয়েছে। এখন রাহুল গান্ধী হঠাৎ করে এটাকে ইস্যু বানাচ্ছেন।” তিনি (Amit Shah) যুক্তি দেন, “ভোটার তালিকা সংশোধন করতে এসআইআর প্রয়োজন। মৃত বা অন্যত্র চলে যাওয়া মানুষের নাম মুছে ফেলা জরুরি। অনুপ্রবেশকারীদের নাম বাদ দিতে না পারলে গণতন্ত্রের অপমান হবে।” শাহ আরও বলেন, “সীমান্তবর্তী জেলাগুলিতে যে অবৈধ অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় ঢুকে পড়েছে, তাদের নাম মুছে ফেলতেই এই পদক্ষেপ। এতে স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হবে।”
বাংলায় এসআইআর হবে কি না, সেই প্রশ্নে এবার দুই প্রধান রাজনৈতিক শক্তির সংঘাত তুঙ্গে উঠেছে। একে কেন্দ্র বনাম রাজ্য বা দিল্লি বনাম বাংলা লড়াই বলেই দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে একদিকে মমতার স্পষ্ট ‘না’ আর অন্যদিকে শাহর অনড় ‘হ্যাঁ’ ভোটের আগে এই সংঘাত যে আরও উগ্র হবে, তা বলাই যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
