Abhishek Banerjee: ‘মজুরি হবে ৩০০ টাকা’, আলিপুরদুয়ারে চা শ্রমিককে মঞ্চে ডেকে বড় প্রতিশ্রুতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: বঙ্গ বিধানসভা নির্বাচনের আর হাতে গোনা কয়েক মাস বাকি। তার আগেই রাজনৈতিক ময়দানে ঘুঁটি সাজাতে গোটা রাজ্যজুড়ে মাসব্যাপী ‘আবার জিতবে বাংলা’ কর্মসূচি শুরু করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। এই কর্মসূচির অঙ্গ হিসেবেই জেলা ধরে ধরে ‘রণসংকল্প সভা’ করছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার সেই কর্মসূচি অনুযায়ী তিনি পৌঁছন আলিপুরদুয়ারে। সেখানকার জনসভা থেকেই চা শ্রমিকদের দৈনিক মজুরি নিয়ে বড়সড় রাজনৈতিক বার্তা দেন ডায়মন্ড হারবারের সাংসদ।

আরও পড়ুন: Humayun Kabir: বাংলাদেশি সন্দেহে ওড়িশায় বাংলার শ্রমিক খুন! শোকাতপ্ত পরিবারের পাশে বিধায়ক হুমায়ুন কবীর

সভামঞ্চ থেকে অভিষেক (Abhishek Banerjee) স্পষ্ট ভাষায় জানান, চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সরকার গঠিত হলে আলিপুরদুয়ার হবে তাঁর অগ্রাধিকারের শীর্ষে। তিনি বলেন, চা বাগানের শ্রমিকদের দৈনিক মজুরি ন্যূনতম ৩০০ টাকা করার জন্য সরকার সব রকম চেষ্টা করবে। তাঁর বক্তব্যে, “আমি প্রতিশ্রুতি দিচ্ছি, দিদির সরকার আবার এলে প্রথম নজর থাকবে আলিপুরদুয়ারে। চা শ্রমিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত করাই হবে আমাদের লক্ষ্য।”

এই সভা থেকেই কেন্দ্রীয় সরকারের একাধিক সিদ্ধান্ত নিয়ে সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বিশেষ করে চা বাগান অধিগ্রহণ সংক্রান্ত ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narrb কটাক্ষ করেন তিনি। তাঁর অভিযোগ, প্রথমে বিজ্ঞপ্তি জারি করে পরে তা বাতিল করে কেন্দ্র চা শ্রমিকদের সঙ্গে প্রতারণা করেছে। অভিষেকের দাবি, তৃণমূল প্রতিশ্রুতি দিলে তা বাস্তবায়ন করে, বিজেপির মতো মিথ্যা আশ্বাস দেয় না।

এদিন তিনি আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিগ্গাকেও আক্রমণ করেন। প্রশ্ন তোলেন, চা শ্রমিকদের দাবিতে তাঁকে কখনও আন্দোলন করতে বা সংসদে প্রশ্ন তুলতে দেখা গেছে কি না। অভিষেকের কটাক্ষ, বিজেপি সাংসদ কার্যত নিষ্ক্রিয়।

সভা শেষে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। চা শ্রমিকদের একাংশ মজুরি প্রসঙ্গে প্রশ্ন তুললে অভিষেক জানান, ২০১১ সালে তৃণমূল প্রথমবার ক্ষমতায় আসার সময় চা শ্রমিকদের দৈনিক মজুরি ছিল মাত্র ৬৭ টাকা। দীর্ঘ আন্দোলনের ফলে তা এখন ২৫০ টাকায় পৌঁছেছে। তবে বর্তমান বাজারদরের সঙ্গে সেই মজুরি যে যথেষ্ট নয়, তা মেনেও নেন তিনি।

দাম বাড়ার প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, আলু, সবজি, পোশাক থেকে শুরু করে ঘর তৈরির সামগ্রীর দাম যেভাবে বাড়ছে, তাতে আড়াইশো টাকায় সংসার চালানো কঠিন। তাই চতুর্থবার সরকার গঠনের পর বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের প্রতিনিধিদের নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক করে চা শ্রমিকদের দৈনিক মজুরি ৩০০ টাকা করার উদ্যোগ নেওয়া হবে বলে আশ্বাস দেন তিনি।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole