নিউজ পোল ব্যুরো: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) রামপুরহাট সফর ও সভা ঘিরে তৈরি হয়েছে চরম অনিশ্চয়তা। মঙ্গলবার বীরভূমে (Birbhum) একাধিক কর্মসূচি থাকলেও হেলিকপ্টার ওড়ানোর অনুমতি না মেলায় সমস্যায় পড়েন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল অ্যাভিয়েশন (DGCA) চপারের ছাড়পত্র না দেওয়ায় দীর্ঘক্ষণ বেহালা ফ্লাইং ক্লাবে অপেক্ষা করতে হয় তাঁকে। তবে তাতেও দমে যাননি অভিষেক (Abhishek Banerjee)। স্পষ্ট জানিয়ে দেন, প্রয়োজনে সড়কপথে হলেও তিনি রামপুরহাটে যাবেনই।
ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যজুড়ে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই কর্মসূচির অঙ্গ হিসেবেই মঙ্গলবার তাঁর বীরভূম সফরের কথা ছিল। পরিকল্পনা অনুযায়ী, দুপুর ১২টায় বেহালা ফ্লাইং ক্লাব থেকে চপারে উড়ে যাওয়ার কথা ছিল ডায়মন্ড হারবারের সাংসদের। দুপুর ১২টা ৫৩ মিনিটে তারাপীঠ সংলগ্ন চিনার মাঠে চপারের অবতরণ এবং সেখানে পুজো দেওয়ার পর দুপুর দেড়টার মধ্যে রামপুরহাটের বিনোদপুর মাঠে রণসংকল্প সভায় পৌঁছনোর কথা ছিল তাঁর।
নির্ধারিত সময় মেনেই সভাস্থলে পৌঁছে যান তৃণমূলের একাধিক শীর্ষ নেতা। মঞ্চে হাজির ছিলেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal), রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বিধানসভার ডেপুটি স্পিকার আশিস বন্দ্যোপাধ্যায়, কাজল শেখ-সহ অন্যান্য নেতারা। বেলা একটার সময় অনুষ্ঠানও শুরু হয়ে যায়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই খবর আসে, অভিষেকের হেলিকপ্টারের উড়ানের অনুমতি মেলেনি। এতে সভা আদৌ হবে কি না, তা নিয়ে উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে দোলাচল শুরু হয়।
এই পরিস্থিতিতে নিজেই দৃঢ় অবস্থান নেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তিনি বলেন, চপারের অনুমতি না পেলেও রামপুরহাট যাবেন তিনি। প্রয়োজনে সড়কপথে পৌঁছে সভায় যোগ দেবেন এবং হাসপাতালে গিয়ে সোনালি বিবির সঙ্গে দেখাও করবেন। প্রয়োজনে রাতে তারাপীঠে থাকার সম্ভাবনার কথাও জানান তিনি। শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘটনার পরেও তিনি বেহালা ফ্লাইং ক্লাবেই অপেক্ষায় ছিলেন।
গোটা ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলের (TMC) তরফে চক্রান্তের অভিযোগ তোলা হয়েছে। তাঁদের দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই অভিষেকের সভা ভেস্তে দিতে কোনও যুক্তিসঙ্গত কারণ ছাড়াই হেলিকপ্টার ওড়ার অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, সিপিএম ও কংগ্রেস কটাক্ষ করে প্রশ্ন তুলেছে বীরভূমে যেতে হেলিকপ্টারই বা কেন প্রয়োজন? এই টানাপোড়েনের মধ্যেই রাজ্য রাজনীতিতে নতুন করে উত্তাপ ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
