Dilip Ghosh on Cooch Behar Assembly Election:’কোচবিহারের সব আসন জিতবে বিজেপি’ আত্মবিশ্বাসী দিলীপ ঘোষ!

রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো:কোচবিহারের বিধানসভা নির্বাচনে জেলা জুড়ে সবকটি আসন জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী বিজেপি। কোচবিহারে এক কর্মীসভা থেকে এমনই দাবি করলেন রাজ্যের প্রাক্তন বিজেপি সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh on Cooch Behar Assembly Election)। কর্মীদের চাঙ্গা করতে তিনি বলেন, “কোচবিহারের মানুষ এবার পুরোটা বদলে দিতে প্রস্তুত। সব এমএলএ সিট বিজেপিই জিতবে।”

আরও পড়ুন:https://thenewspole.com/2026/01/11/suvendu-adhikari-challenges-mamata-banerjee-purulia-rally/

লোকসভা নির্বাচনে কোচবিহারে পরাজয়ের পর এবার বিধানসভা ভোটে জমি পুনরুদ্ধার করাই বিজেপির মূল লক্ষ্য বলে ইঙ্গিত দেন দিলীপ। অমিত শাহের সাম্প্রতিক কলকাতা সফরের পর রাজ্য রাজনীতিতে বিজেপির তৎপরতা যে আরও বেড়েছে, তারও বার্তা দেন তিনি।

এদিন চায়ের দোকানে বসে কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলতে গিয়ে দিলীপ ঘোষ (Dilip Ghosh on Cooch Behar Assembly Election) বলেন, “কোচবিহারে সংগ্রামের মধ্য দিয়েই বিজেপির উত্থান হয়েছে। এত বাধা সত্ত্বেও মানুষ আমাদের এমপি দিয়েছে, এমএলএ দিয়েছে, পঞ্চায়েতেও জিতিয়েছেন। এবার মানুষ পুরো ছবিটাই পাল্টে দেবেন।”

রাজ্যজুড়ে ধারাবাহিক সভা করার পাশাপাশি শনিবার কোচবিহারে ‘চায়ে পে চর্চা’ কর্মসূচিতেও অংশ নেন তিনি। সেখানে কর্মীদের সঙ্গে মতবিনিময় করে দিলীপ জানান, “আমি পথেই ছিলাম, এখনও পথে আছি। কোচবিহারের কর্মীরা লড়াই করছেন, আমি তাঁদের পাশে আছি। এবার মানুষ আমাদের হাত আরও শক্ত করবে।”

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্কhttps://youtube.com/@newspolebangla?si=mYrQvXTBQ1lG3NFT

পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তীব্র ভাষায় রাজ্য সরকারকে আক্রমণ করেন দিলীপ ঘোষ। আইপ্যাকের অফিস ও সংস্থার কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে সরকারি আধিকারিকদের যাওয়ার প্রসঙ্গ তুলে তিনি বলেন, “পশ্চিম বাংলায় আজ কিছুই সুরক্ষিত নয়। মুখ্যমন্ত্রী নিজে গিয়ে ফাইল ছিনিয়ে আনছেন। তিনি তৃণমূল নেত্রী হিসেবে সেখানে গিয়েছিলেন, কিন্তু প্রশ্ন হল—সরকারি আধিকারিকরা সেখানে কেন গেলেন?” তাঁর দাবি, প্রশাসনকে রাজনৈতিক কাজে ব্যবহার করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য অত্যন্ত বিপজ্জনক।

দিলীপের অভিযোগ, রাজ্যে আইনশৃঙ্খলার সম্পূর্ণ অবনতি ঘটেছে এবং সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে। “এ রাজ্যে শাসকদলের ইচ্ছাতেই প্রশাসন চলে। পুলিশ ও সরকারি আধিকারিকদের নিরপেক্ষতা আর নেই,” বলেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, এই পরিস্থিতিতেই রাজ্যের মানুষ পরিবর্তনের দিকে তাকিয়ে আছেন এবং বিধানসভা নির্বাচনে তার প্রতিফলন দেখা যাবে।

বিজেপি নেতার দাবি, তৃণমূলের বিরুদ্ধে জনরোষ ক্রমেই বাড়ছে এবং কোচবিহার সেই বদলের অন্যতম কেন্দ্র হতে চলেছে। “মানুষ ভয় কাটিয়ে বেরিয়ে আসছে। ভোটের দিনই তার জবাব দেবে কোচবিহার,” বলেন দিলীপ। তাঁর বক্তব্য অনুযায়ী, দলীয় কর্মীদের ঐক্যবদ্ধ লড়াই ও মানুষের সমর্থনেই বিজেপি জেলার সবকটি বিধানসভা আসন জয়ের লক্ষ্যে এগোচ্ছে।