Haircare: চুল পড়া কমাতে ডায়েটে বদল জরুরি: কোন খাবারে মিলবে বায়োটিন ও আয়রন?

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: চুলের যত্ন (Haircare) বলতে আমরা সাধারণত শ্যাম্পু, তেল মালিশ বা বিভিন্ন হেয়ার প্যাকের কথাই আগে ভাবি। কিন্তু শুধু বাহ্যিক পরিচর্যায় চুলের সমস্যা মেটে না। চুলের গোড়া মজবুত রাখা এবং নতুন চুল গজানোর জন্য শরীরের ভিতর থেকেও প্রয়োজন সঠিক পুষ্টি। ভিটামিন ও খনিজের ঘাটতি হলে চুল পড়া, চুল পাতলা হয়ে যাওয়া বা রুক্ষতার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই সুন্দর ও ঘন চুল পেতে খাদ্যাভ্যাসের দিকেও সমান নজর দেওয়া জরুরি।

আরও পড়ুন:Vande Bharat Express : প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, রেল নিরাপত্তায় সতর্কতা জোরদার

বিশেষজ্ঞদের মতে, চুলের স্বাস্থ্যের (Haircare) জন্য কয়েকটি ভিটামিন ও খনিজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রথমেই রয়েছে বায়োটিন। বায়োটিন চুলের কেরাটিন উৎপাদনে সাহায্য করে, যা চুলকে শক্ত ও ঘন করে তোলে। বায়োটিনের অভাবে চুল ভেঙে যাওয়া ও অতিরিক্ত চুল পড়ার সমস্যা দেখা দিতে পারে।
আয়রনও চুলের বৃদ্ধিতে বড় ভূমিকা পালন করে। শরীরে আয়রনের ঘাটতি হলে হিমোগ্লোবিন কমে যায়, ফলে চুলের গোড়ায় পর্যাপ্ত অক্সিজেন ও পুষ্টি পৌঁছয় না। এর ফলেই চুল দ্রুত ঝরতে শুরু করে। পাশাপাশি ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে এবং কোলাজেন তৈরি করে, যা চুলের গঠন মজবুত রাখতে প্রয়োজনীয়।
তবে প্রশ্ন হল, কোন কোন খাবার নিয়মিত খেলে চুলের স্বাস্থ্য ভালো থাকবে?
ডিম চুলের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। এতে রয়েছে উচ্চমানের প্রোটিন ও বায়োটিন, যা চুলের গঠন শক্ত করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে। সপ্তাহে কয়েক দিন ডিম খেলে চুলের জেল্লা বাড়ে।
মাছ, বিশেষ করে সামুদ্রিক মাছ ও ইলিশ, টুনা, রুই বা কাতলার মতো মাছেও রয়েছে প্রচুর প্রোটিন ও ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড। এই উপাদান মাথার ত্বকের শুষ্কতা কমায় এবং চুলকে উজ্জ্বল ও স্বাস্থ্যবান করে তোলে।
পালংশাক আয়রনের অন্যতম ভালো উৎস। এতে আয়রনের পাশাপাশি ফোলেট ও ভিটামিন এ এবং সি থাকে, যা রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের গোড়ায় পুষ্টি পৌঁছাতে সাহায্য করে।
বাদাম ও বীজ যেমন কাঠবাদাম, ওয়ালনাট, তিসি ও কুমড়োর বীজে রয়েছে ভিটামিন ই, জিঙ্ক ও সেলেনিয়াম। এই সব উপাদান চুল পড়া কমাতে এবং নতুন চুল গজাতে সহায়ক।
এ ছাড়াও মিষ্টি আলুতে থাকা বিটা-ক্যারোটিন শরীরে গিয়ে ভিটামিন এ-তে পরিণত হয়, যা মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং চুলকে রুক্ষ হওয়া থেকে বাঁচায়।
সব মিলিয়ে, সুন্দর ও ঘন চুলের জন্য শুধু বাহ্যিক পরিচর্যা নয়, পুষ্টিকর খাবারই হল আসল ভরসা। সঠিক ডায়েট মেনে চললে চুল থাকবে মজবুত, উজ্জ্বল ও স্বাস্থ্যবান।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole