নিউজ পোল ব্যুরো: স্বাস্থ্যের কথা ভেবে অনেকেই আজকাল পাউরুটি (Bread) খাওয়া প্রায় বন্ধ করে দিয়েছেন। কারণ পাউরুটি মানেই ময়দা—আর ময়দা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর বলে বারবার সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। বাজারে পাওয়া তথাকথিত হোল গ্রেন, মাল্টি গ্রেন বা ব্রাউন ব্রেডেও যে পুরোপুরি আটা থাকে না, সে কথা এখন অনেকেই জানেন। অধিকাংশ ক্ষেত্রেই এই সব পাউরুটিতে মাত্র ৩০ শতাংশ শস্য থাকে, বাকি অংশ জুড়ে থাকে ময়দা। তাই স্বাস্থ্যসচেতন মানুষদের কাছে পাউরুটি হয়ে উঠেছে ‘নো-নো’ খাবার।
তবে পাউরুটি (Bread) খাওয়ার শখ ছাড়তেই হবে—এমনটা নয়। একটু উদ্যোগী হলে ঘরেই বানানো যায় ময়দাহীন, স্বাস্থ্যকর পাউরুটি। এমনই এক সহজ রেসিপির কথা জানিয়েছেন নয়ডার পুষ্টিবিদ ও রন্ধনশিল্পী অ্যালিসন লেথর্ন। তাঁর মতে, প্রাতরাশে স্যান্ডউইচ খেতে চাইলে পাঁচ মিনিট সময় বের করলেই যথেষ্ট। মাত্র দেড় থেকে দুই মিনিটেই তৈরি করা সম্ভব প্রোটিনসমৃদ্ধ এই বিশেষ পাউরুটি।
কী ভাবে বানাবেন এই ময়দাহীন পাউরুটি?
উপকরণ:২ টেবিল চামচ তিসির বীজ,১টি ডিম,এক চিমটে বেকিং পাউডার,স্বাদমতো নুন,অল্প কয়েকটি সূর্যমুখী বীজ ও কুমড়ো বীজ।
প্রণালী:প্রথমে তিসির বীজ ভালো করে গুঁড়ো করে নিতে হবে। তার মধ্যে একটি ডিম ফেটিয়ে দিন। এরপর নুন ও বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। একটি কাচের পাত্রে মিশ্রণটি ঢেলে উপর থেকে সূর্যমুখী ও কুমড়ো বীজ ছড়িয়ে দিন। এবার মাইক্রোওয়েভে দেড় মিনিট গরম করলেই তৈরি হয়ে যাবে ময়দাহীন পাউরুটি। আড়াআড়ি করে কেটে পছন্দের পুর ভরে বানিয়ে নিতে পারেন স্বাস্থ্যকর স্যান্ডউইচ।
নিয়মিত খেলে কী কী উপকার মিলবে?
এই পাউরুটিতে ডিম ও তিসি—দু’ধরনের প্রোটিন রয়েছে, যা পেশি গঠনে সাহায্য করে এবং দীর্ঘক্ষণ শক্তি জোগায়। তিসির ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ডিমের উপকারী ফ্যাট হার্টের স্বাস্থ্যের জন্য ভালো, খারাপ কোলেস্টেরল কমাতে সাহায্য করে। কার্বোহাইড্রেট কম থাকায় ডায়াবেটিস রোগীদের জন্যও এটি নিরাপদ। ফাইবার ও প্রোটিনের কারণে দীর্ঘক্ষণ পেট ভর্তি থাকে, ফলে ওজন নিয়ন্ত্রণে থাকে। পাশাপাশি ডিমের কোলিন ও তিসির ওমেগা-৩ স্মৃতিশক্তি বাড়ায় এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে। ত্বকের ক্ষেত্রেও এই পাউরুটি উপকারী—ত্বকের টানটান ভাব বজায় থাকে, বয়সের ছাপ পড়তে দেরি হয়।
সব মিলিয়ে, পাউরুটি খাওয়ার ইচ্ছা থাকলেও ময়দার ভয় কাটাতে চাইলে এই সহজ রেসিপিই হতে পারে স্বাস্থ্যকর সমাধান।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
