Swastika Dutta: ‘যারা যেতে চায়, তাদের আটকাইনি’: নতুন বাড়ি কিনে জীবনের কথা বললেন স্বস্তিকা

পেজ 3

নিউজ পোল ব্যুরো: বাংলা টেলিভিশনের পরিচিত ও জনপ্রিয় মুখ অভিনেত্রী স্বস্তিকা দত্ত (Swastika Dutta)। প্রায় এক দশকের অভিনয়জীবনে ছোট পর্দার পাশাপাশি সিনেমা ও ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করেছেন তিনি। তবে টেলিভিশনই তাঁকে এনে দিয়েছে সবচেয়ে বেশি পরিচিতি। বর্তমানে ‘বিদ্যা ব্যানার্জি’ ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন অভিনেত্রী। এই সাফল্যের মাঝেই জীবনের এক বড় স্বপ্ন পূরণ করলেন স্বস্তিকা—নিজের উপার্জনের টাকায় কিনলেন স্বপ্নের বাড়ি।

আরও পড়ুন: Vande Bharat Express : প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন দেশের প্রথম বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস, রেল নিরাপত্তায় সতর্কতা জোরদার

রবিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় একটি আবেগঘন পোস্ট ভাগ করে নেন স্বস্তিকা (Swastika Dutta)। সেখানে তিনি লেখেন, জীবনে অনেক মানুষ এসেছেন এবং অনেকেই বিদায় নিয়েছেন, কিন্তু কাউকেই তিনি জোর করে আটকে রাখেননি। তাঁর মতে, যে মানুষ চলে যেতে চায়, তাকে ধরে রাখা যায় না। তবে জীবনের নানা উত্থান-পতনের মধ্যেও নিজের স্বপ্নকে কখনও ছাড়তে দেননি তিনি। দীর্ঘ দিনের পরিশ্রম, অধ্যবসায় ও ত্যাগের ফল হিসেবেই আজ নিজের ঠিকানা গড়ে তুলতে পেরেছেন অভিনেত্রী।

স্বস্তিকার ব্যক্তিগত জীবন বরাবরই থেকেছে আলোচনার কেন্দ্রে। সহ-অভিনেতা ক্রুশ আহুজা কিংবা শোভন গঙ্গোপাধ্যায়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন নানা সময় শিরোনামে এসেছে। তবে সেসব এখন অতীত। গত কয়েক বছর ধরে কেরিয়ারই তাঁর প্রধান লক্ষ্য, সে কথা বারবার বুঝিয়ে দিয়েছেন স্বস্তিকা। অভিনয়ের পাশাপাশি নিজেকে গড়ে তোলার লড়াইয়ে তিনি যে একাগ্র, তা এই সাফল্যেই স্পষ্ট।

নিজের ফেসবুক পোস্টে স্বস্তিকা জানিয়েছেন, এই বাড়ি তাঁর কাছে কেবল চার দেওয়ালের একটি ইমারত নয়। এটি তাঁর বহু বছরের পরিশ্রম, মানসিক ও শারীরিক স্ট্রাগল এবং ব্যক্তিগত ত্যাগের প্রতীক। দিনের পর দিন শুটিং ফ্লোরে অক্লান্ত খাটুনির পর আজ নিজের ঘর সাজানোর আনন্দটাই আলাদা বলে মনে করেন তিনি। ছবিতে দেখা যায়, জিনস ও সোয়েটারে হাসিমুখে নতুন বাড়ির ভিতরে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী।

পোস্টে তিনি আরও লেখেন, তাঁকে নিয়ে বহু কথা, বহু গল্প এবং নানা মতামত রয়েছে—তাঁর কাজ, পরিবার ও সম্পর্ক নিয়ে। কিন্তু অভিনেত্রী স্বস্তিকা দত্ত নয়, একজন সাধারণ স্বস্তিকার কথাই তিনি তুলে ধরতে চেয়েছেন। ভাঙা মন, মানসিক চাপ ও জীবনের নানা টানাপোড়েনের মধ্যেও নিজের স্বপ্নকে আগলে রেখেছেন তিনি।

‘ভজ গোবিন্দ’, ‘বিজয়িনী’, ‘কি করে বলব তোমায়’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে স্বস্তিকা নিজের দক্ষতার প্রমাণ দিয়েছেন। বর্তমানে ছোট পর্দার পাশাপাশি সিনেমা ও ওয়েব সিরিজেও তাঁর উপস্থিতি নজরকাড়া। এই নতুন বাড়িতে পা রেখে জীবনের এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন অভিনেত্রী।

পরিশ্রম ও ধৈর্য থাকলে স্বপ্ন যে একদিন সত্যি হয়, স্বস্তিকা দত্তের এই সাফল্য তারই উজ্জ্বল উদাহরণ। এখন অনুরাগীদের একটাই কামনা—স্বস্তিকার ‘স্বপ্নের ঘর’ তাঁর নিজের মতো করেই সুখে-শান্তিতে ভরে উঠুক।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole