নিউজ পোল ব্যুরো: প্রকাশ্যে শারীরিক হেনস্থার তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরলেন অভিনেত্রী মৌনী রায় (Mouni Roy)। হরিয়ানার কর্নলে একটি অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে যে পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল, তা তাঁকে গভীর ভাবে আতঙ্কিত ও অপমানিত করেছে বলে নিজেই জানিয়েছেন অভিনেত্রী। সমাজমাধ্যমে দীর্ঘ পোস্ট করে ঘটনার বিস্তারিত বিবরণ দিয়েছেন তিনি এবং মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মৌনী জানান, অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর থেকেই কিছু দর্শকের আচরণ তাঁকে অস্বস্তিতে ফেলে। বিশেষ করে দু’জন প্রৌঢ়, যাঁদের বয়স তাঁর ভাষায় “দাদু হওয়ার মতো”, তাঁদের আচরণ ছিল অত্যন্ত আপত্তিকর। অভিনেত্রীর অভিযোগ, ছবি তোলার অজুহাতে ওই দুই ব্যক্তি তাঁর কোমরে হাত রাখেন। বিষয়টি সঙ্গে সঙ্গে মৌনীকে বিচলিত করে তোলে। তিনি সরাসরি প্রতিবাদ জানিয়ে তাঁদের হাত সরাতে বলেন। যদিও সেই মুহূর্তে বিষয়টি থেমে যাবে বলেই ভেবেছিলেন তিনি।
কিন্তু ঘটনার এখানেই শেষ হয়নি। মঞ্চে ওঠার পর পরিস্থিতি আরও খারাপ হয় বলে দাবি মৌনীর। অনুষ্ঠান চলাকালীন সামনের সারিতে দাঁড়িয়ে থাকা ওই দুই প্রৌঢ় অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করতে থাকেন। মৌনী ভদ্র ভাবে তাঁদের আচরণ বন্ধ করার অনুরোধ জানালেও, উল্টে তাঁর দিকে গোলাপ ফুল ছোড়া শুরু করেন তাঁরা। এই ঘটনায় তিনি এতটাই বিচলিত হয়ে পড়েন যে, এক মুহূর্তের জন্য অনুষ্ঠান মাঝপথে ছেড়ে বেরিয়ে যাওয়ার কথাও ভাবেন।
অভিনেত্রী আরও জানান, সবচেয়ে বেশি হতাশার বিষয় ছিল— এই পরিস্থিতিতে কেউ এগিয়ে আসেননি। আয়োজকদের তরফ থেকেও কোনও হস্তক্ষেপ দেখা যায়নি। নিরাপত্তার দায়িত্বে থাকা কেউ ওই দুই ব্যক্তিকে সরানোর চেষ্টা করেননি বলেই অভিযোগ তাঁর। শেষ পর্যন্ত পেশাদারিত্বের খাতিরে অনুষ্ঠান শেষ করলেও, ভিতরে ভিতরে তিনি ভেঙে পড়েছিলেন।
এই অভিজ্ঞতার পরে মৌনী লেখেন, তাঁর মতো পরিচিত মুখকেও যদি এমন পরিস্থিতির শিকার হতে হয়, তা হলে নতুন বা কম পরিচিত শিল্পীদের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, তা সহজেই অনুমান করা যায়। তিনি নিজেকে অপমানিত ও আতঙ্কিত বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে প্রশ্ন তুলেছেন সমাজের মানসিকতা নিয়েও। মৌনীর কথায়, “ওই মানুষগুলোর নিজেদের পরিবারের মেয়েদের সঙ্গে কেউ এমন করলে তারা কী প্রতিক্রিয়া দিত?”
অভিনেত্রীর দাবি, শিল্পীরা মঞ্চে উঠে দর্শকের মনোরঞ্জনের চেষ্টা করেন, সম্মান ও নিরাপত্তা প্রত্যাশা করাই তাঁদের অধিকার। এই ধরনের অভব্য আচরণের বিরুদ্ধে আয়োজক ও কর্তৃপক্ষের আরও কঠোর হওয়া প্রয়োজন বলেই মনে করেন মৌনী। তাঁর এই অভিজ্ঞতা আবারও সামনে এনে দিল জনসমক্ষে মহিলাদের নিরাপত্তা এবং সম্মান রক্ষার জরুরি প্রশ্ন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
