Shah Rukh Khan: বর্ষশেষে অনুরাগীদের রাজকীয় উপহার শাহরুখের, প্রকাশ্যে ‘কিং’ ছবির মুক্তির তারিখ

পেজ 3

নিউজ পোল ব্যুরো: অপেক্ষার অবসান। দীর্ঘ তিন বছর পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ খান। ২০২৬ সালের শেষেই মুক্তি পেতে চলেছে তাঁর বহু প্রতীক্ষিত ছবি ‘কিং’। শুক্রবার নিজেই ছবির মুক্তির তারিখ ঘোষণা করলেন বলিউডের বাদশা। সঙ্গে প্রকাশ্যে এল ছবির নতুন টিজ়ার, যেখানে রক্তাক্ত ও ভয়ংকর লুকে ফের একবার নজর কাড়লেন শাহরুখ (Shah Rukh Khan)। তাঁর সংলাপ— “গর্জনের সময় এসে গিয়েছে”— মুহূর্তের মধ্যেই শোরগোল ফেলেছে অনুরাগীদের মধ্যে।

আরও পড়ুন: Madhumita Sarkar Wedding : বসন্ত পঞ্চমীর সন্ধ্যায় দেবমাল্যের সঙ্গে সাতপাকে বাঁধা পড়ছেন মধুমিতা সরকার

নতুন ঝলকে দেখা যাচ্ছে, সাদা শার্ট ও জিন্স পরে বরফে মোড়া পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে রয়েছেন শাহরুখ (Shah Rukh Khan)। মুখে রক্তের দাগ, চোখে আগুন। পর্দায় লেখা— “বছরের শেষটা হোক মনে ভয় নিয়ে”। ঠিক এই ঝলকের সঙ্গেই ঘোষণা করা হয় ছবির মুক্তির দিনক্ষণ। জানা গিয়েছে, চলতি বছরের বড়দিনে অর্থাৎ ২৪ ডিসেম্বর মুক্তি পাবে ‘কিং’।

২০২৩ সাল ছিল শাহরুখ খানের কেরিয়ারের অন্যতম স্মরণীয় বছর। একের পর এক মুক্তি পায় ‘পাঠান’, ‘জওয়ান’ ও ‘ডাঙ্কি’। তিনটি ছবিই বক্স অফিসে রেকর্ড সাফল্য পায়। তার পর থেকেই নতুন ছবিতে তাঁকে দেখার অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। সেই অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে ‘কিং’-এর মাধ্যমে।

এই ছবিতে একেবারে ‘লার্জার দ্যান লাইফ’ চরিত্রেই পর্দায় ফিরছেন শাহরুখ— এমনটাই ইঙ্গিত মিলেছে টিজ়ারে। শুধু তাই নয়, ‘কিং’ ছবির আরও একটি বড় আকর্ষণ হল, এই ছবির মাধ্যমেই বড়পর্দায় গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে তাঁর মেয়ে সুহানা খান-কে। বাবা-মেয়ের এই যুগলবন্দি ঘিরে ইতিমধ্যেই দর্শকদের কৌতূহল তুঙ্গে।

খবর অনুযায়ী, ছবিতে খলনায়কের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন। দীর্ঘদিন পর এই ধরনের চরিত্রে তাঁকে দেখা যাবে বলে মনে করা হচ্ছে। অন্য দিকে, শাহরুখ খানের বিপরীতে রয়েছেন দীপিকা পাড়ুকোন। এর আগে ‘পাঠান’ ও ‘জওয়ান’-এ এই জুটির রসায়ন দর্শকদের মুগ্ধ করেছিল। ‘কিং’-এ ফের সেই ম্যাজিক ধরা পড়ে কি না, সেটাই এখন দেখার।

নতুন ঝলক প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে প্রশংসার বন্যা। কেউ লিখছেন— “বাদশা ইজ ব্যাক”, কেউ আবার বলছেন— “২০২৬-এর সবচেয়ে বড় ছবি হতে চলেছে ‘কিং’।” বছরের শেষে শাহরুখ খানের এই রাজকীয় প্রত্যাবর্তন বক্স অফিসে ঠিক কতটা ঝড় তুলতে পারে, সে দিকেই এখন তাকিয়ে গোটা ইন্ডাস্ট্রি ও অনুরাগীরা।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole