Honey: বুড়ো আঙুলেই ধরা পড়বে আসল-নকল! খাঁটি মধু চেনার সহজ ঘরোয়া উপায়

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: ঋতু পরিবর্তনের সময় সর্দি-কাশি এড়াতে অনেকেই ঈষদুষ্ণ জলে মধু (Honey) মিশিয়ে খান। কেউ আবার ওজন কমাতে সকালে খালি পেটে মধু-লেবু জল পান করেন। কিন্তু যে মধু খাচ্ছেন সেটি আদৌ বিশুদ্ধ কি না, তা কি যাচাই করে দেখেছেন? বাজারে সহজলভ্য বহু ব্র্যান্ডের মধুতেই নাকি জল, চিনির সিরাপ বা হাই ফ্রুক্টোজ় কর্ন সিরাপ মেশানোর অভিযোগ উঠছে। ফলে পুষ্টি পাওয়ার বদলে শরীরে বাড়তে পারে অতিরিক্ত শর্করা ও ক্যালোরি।

আরও পড়ুন:SIR: প্রথম ভোটার তালিকা প্রকাশ,আতঙ্কিত ভোটাররা

অতি-প্রক্রিয়াজাত বা ভেজাল মধু (Honey) নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি, ওজন বেড়ে যাওয়া কিংবা বিপাকক্রিয়ায় গোলমাল দেখা দিতে পারে। অথচ খাঁটি মধু অ্যান্টিঅক্সিড্যান্ট, ভিটামিন ও খনিজে সমৃদ্ধ—যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। তাই মধু কেনার আগে সচেতন হওয়া জরুরি।

বাড়িতেই খুব সহজ দু’টি পরীক্ষার মাধ্যমে প্রাথমিক ভাবে খাঁটি মধু চিনে নেওয়া যায়।

১) বুড়ো আঙুল পরীক্ষা:
হাতের বুড়ো আঙুলের উপর এক ফোঁটা মধু ফেলুন। যদি মধুটি পুঁতির মতো গোল হয়ে স্থির থাকে এবং ছড়িয়ে না পড়ে, তা হলে সেটি তুলনামূলকভাবে ঘন ও খাঁটি হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু যদি মধু সঙ্গে সঙ্গে গড়িয়ে যায় বা চারদিকে ছড়িয়ে পড়ে, তা হলে বুঝতে হবে তাতে জল বা অন্য কোনও তরল মেশানো থাকতে পারে।

২) জল পরীক্ষা:
একটি স্বচ্ছ গ্লাসে জল নিন। তার মধ্যে এক ফোঁটা মধু ছেড়ে দিন। বিশুদ্ধ মধু সাধারণত পিণ্ডের মতো আকার ধরে ধীরে ধীরে গ্লাসের তলায় নেমে যায়। সহজে জলে মিশে যায় না। কিন্তু ভেজাল মধু দ্রুত জলে গলে ছড়িয়ে পড়ে এবং জলের সঙ্গে মিশে ঘুরতে থাকে।

তবে মনে রাখতে হবে, এগুলি প্রাথমিক ঘরোয়া পরীক্ষা মাত্র। সম্পূর্ণ নিশ্চিত হতে ল্যাবরেটরি পরীক্ষাই শেষ কথা। তবু প্রতিদিনের ব্যবহারের জন্য এই সহজ কৌশলগুলি আপনাকে কিছুটা হলেও সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

মধু শরীরের জন্য উপকারী—কিন্তু সেটি যদি হয় খাঁটি। তাই অন্ধভাবে ব্র্যান্ডের উপর ভরসা না করে কেনার আগে লেবেল পড়ুন, উপাদান তালিকা দেখুন এবং প্রয়োজনে ছোট পরিমাণে কিনে পরীক্ষা করে নিন। সামান্য সতর্কতাই আপনাকে ভেজাল থেকে রক্ষা করতে পারে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole