নিউজ পোল ব্যুরো: পনির (Paneer) দিয়ে নানান সুস্বাদু পদ বানানো যায়—পালং পনির, পনির বাটার মসলা, পনির পকোড়া থেকে শুরু করে হালকা ভাজা। তাই অনেকেই বাজার থেকে পনির কিনে বাড়িতে মজুত রাখেন। কিন্তু ঠিকমতো সংরক্ষণ না করলে খুব তাড়াতাড়ি পনিরের স্বাদ বদলে যায়, গন্ধ বেরোতে পারে বা উপরে ফাঙ্গাস ধরতে পারে। কখনও আবার পিঁপড়ের উপদ্রবও দেখা দেয়। তাই পনির দীর্ঘদিন ভালো রাখতে কিছু সহজ কৌশল জানা জরুরি।
আরও পড়ুন: Neel Bhattacharya: তৃণাকে ছাড়া থাইল্যান্ডে নীলের দোল! ‘সোলো ট্রিপ’-এ চমক ছোটপর্দার অভিনেতার
১) কাঁচের পাত্র ব্যবহার করুন
দীর্ঘদিন পনির (Paneer) ভালো রাখতে হলে প্লাস্টিকের বদলে কাঁচের বাটি বা এয়ারটাইট কনটেনার ব্যবহার করুন। পাত্রটি পরিষ্কার ও শুকনো হওয়া দরকার। এতে বাইরের আর্দ্রতা বা জীবাণু সহজে ঢুকতে পারে না। যদি পনির দিয়ে আচার তৈরি করেন, তবে খেয়াল রাখবেন তেলের স্তর যেন সবসময় উপরে থাকে। তেল উপরে থাকলে বাতাস ঢুকতে পারে না এবং ফাঙ্গাসের সম্ভাবনা কমে।
২) জলের মধ্যে ভিজিয়ে ফ্রিজে রাখুন
ফ্রিজে দু’-তিন দিন রাখার পর অনেক সময় পনির শক্ত হয়ে যায় বা স্বাদ বদলে যায়। এই সমস্যা এড়াতে একটি পাত্রে পরিষ্কার জল নিয়ে তার মধ্যে পনির ডুবিয়ে ফ্রিজে রাখুন। প্রতিদিন জল বদলে দিলে পনির বেশ কয়েক দিন টাটকা থাকবে। রান্নার আগে জল ঝরিয়ে নিলেই ব্যবহার করা যাবে।
৩) ভালো পনির চেনার উপায়
অনেক সময় বাজার থেকে আনা পনির বাসি বা নিম্নমানের হয়। বাড়ি ফিরে একটি বাটিতে জল নিয়ে তাতে পনিরের টুকরো ফেলুন। যদি পনির সম্পূর্ণ ডুবে যায়, তা হলে সেটি সাধারণত ভালো থাকে। আর যদি ভেসে ওঠে বা অস্বাভাবিক গন্ধ থাকে, তবে ব্যবহার না করাই ভালো।
৪) সুতির কাপড়ে মুড়ে রাখুন
আরও একটি কার্যকর পদ্ধতি হল সুতির পরিষ্কার কাপড়ে পনির মুড়ে রাখা। কাপড়টি হালকা ভিজে হলে ভালো। তারপর সেটি একটি ঢাকনাওয়ালা পাত্রে রেখে ফ্রিজে রাখুন। এতে পনিরের আর্দ্রতা বজায় থাকে এবং দ্রুত শুকিয়ে যায় না।
৫) কাটা পনির আলাদা রাখুন
একবার কেটে নেওয়া পনির খোলা অবস্থায় রাখবেন না। বাকি অংশ ভালো করে ঢেকে বা মুড়ে রাখুন। এতে বাইরের গন্ধ বা জীবাণু ঢোকার সম্ভাবনা কমে।
সঠিক উপায়ে সংরক্ষণ করলে বাজার থেকে কেনা পনির কয়েক দিন পর্যন্ত টাটকা রাখা সম্ভব। সামান্য যত্নই রক্ষা করবে স্বাদ ও গুণ—আর আপনার রান্নাও হবে আরও সুস্বাদু।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
