Shashi Panja: কলকাতায় রণক্ষেত্র! মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলা-ভাঙচুর

কলকাতা রাজনীতি রাজ্য

নিউজ পোল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) ব্রিগেড সমাবেশের আগেই মধ্য কলকাতায় রাজনৈতিক উত্তেজনা চরমে ওঠে। গিরিশ পার্ক এলাকায় রাজ্যের মন্ত্রী শশী পাঁজাআর (Shashi Panja) বাড়ির সামনে ভাঙচুর ও হামলার অভিযোগকে কেন্দ্র করে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় বাড়ির জানলার কাচ ভেঙে যায় এবং এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: Abhisek Banerjee: এক বছর পর প্রতিশ্রুতি পূরণ! বিষ্ণুপুরে আগুনে পুড়ে যাওয়া দোকান ফের গড়ে তুলে চাবি দেবেন অভিষেক

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতেই উপস্থিত ছিলেন শশী পাঁজা (Shashi Panja)। তিনি সামান্য আহত হয়েছেন বলেও খবর। অভিযোগ, প্রথমে মন্ত্রীর বাড়ির সামনে থাকা একটি ফ্লেক্স বা ব্যানার ছিঁড়ে ফেলাকে কেন্দ্র করেই উত্তেজনার সূত্রপাত। এরপরই দু’পক্ষের মধ্যে তর্কাতর্কি থেকে হাতাহাতি এবং সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় ইট-পাটকেল ছোড়ার ঘটনাও ঘটে।

এই সংঘর্ষে উত্তর কলকাতা জেলা বিজেপি সভাপতি তমোঘ্ন ঘোষও আহত হন বলে জানা গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে দ্রুত পৌঁছে যায় পুলিশ। সংঘর্ষ থামাতে গিয়ে বউবাজার থানার ওসিও আহত হন বলে খবর।

শনিবার ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভায় যোগ দিতে রাজ্যের বিভিন্ন জেলা থেকে বাসে করে বিজেপি কর্মী-সমর্থকেরা কলকাতায় এসেছিলেন। অভিযোগ, গিরিশ পার্ক এলাকায় মন্ত্রীর বাড়ির সামনে লাগানো ‘বয়কট বিজেপি’ পোস্টার বা ব্যানার ছিঁড়ে ফেলেন কয়েকজন বিজেপি সমর্থক। সেই ঘটনাকে ঘিরেই উত্তেজনা ছড়ায়।

শশী পাঁজার (Shashi Panja) অভিযোগ, বাইরের লোকজনকে এনে ব্রিগেডের সভায় ভিড় বাড়ানোর চেষ্টা করছে বিজেপি। তাঁর দাবি, ওই বহিরাগতরাই বাস থেকে নেমে তাঁর বাড়ির সামনে লাগানো পোস্টার ছিঁড়ে ফেলে এবং ভাঙচুর চালায়। তিনি আরও অভিযোগ করেন, তাঁর বাড়ির সামনে ইট ছোড়া হয়েছে এবং জানলার কাচ ভেঙে গেছে। এমনকি তাঁর ওপর হামলার চেষ্টা হয়েছে বলেও দাবি করেন তিনি।

অন্যদিকে বিজেপির (BJP) দাবি, সেন্ট্রাল অ্যাভিনিউ এলাকায় মন্ত্রীর বাড়ির সামনে থাকা পোস্টার ছেঁড়ার পর তৃণমূল কর্মীরাই তাঁদের বাস আটকে হামলা চালায়। সেই ঘটনাকে ঘিরেই দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাধে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তবে সংঘর্ষে দুই পক্ষের একাধিক কর্মী-সমর্থক আহত হন। সব মিলিয়ে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশের আগেই মধ্য কলকাতায় রাজনৈতিক উত্তেজনা ও অশান্তির আবহ তৈরি হয়েছে।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole