নিউজ পোল ব্যুরো: প্রত্যাশামতোই বড়সড় রদবদল দেখা গেল শাসক শিবিরে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রার্থী তালিকা প্রকাশের পর স্পষ্ট হয়ে গেল, তৃণমূল এবার ব্যাপক পরিবর্তনের পথে হেঁটেছে। মোট ৭৪ জন বর্তমান বিধায়ককে (TMC Candidate List) টিকিট দেওয়া হয়নি, যা রাজনৈতিক মহলে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
এই তালিকায় যেমন রয়েছেন বালিগঞ্জের প্রাক্তন বিধায়ক বাবুল সুপ্রিয় (Babul Supriyo), যিনি ইতিমধ্যেই রাজ্যসভার সাংসদ হয়েছেন, তেমনই শিক্ষা দুর্নীতির অভিযোগে জড়িত পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) এবং মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)-র মতো নেতারাও টিকিট পাননি। একইভাবে, জেলবন্দি বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকেও প্রার্থী করা হয়নি।
কিছু ক্ষেত্রে আবার প্রজন্ম বদলের ছবি দেখা গেছে। মহেশতলায় দুলালচন্দ্র দাসের বদলে তাঁর পুত্র শুভাশিস দাস, এন্টালিতে স্বর্ণকমল সাহার জায়গায় সন্দীপন সাহা এবং মানিকতলায় সুপ্তি পাণ্ডের পরিবর্তে তাঁর কন্যা শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করা হয়েছে। পানিহাটিতেও নির্মল ঘোষের পরিবর্তে তাঁর পুত্র তীর্থঙ্কর ঘোষ সুযোগ পেয়েছেন।
একাধিক গুরুত্বপূর্ণ কেন্দ্রে নতুন মুখ (TMC Candidate List) আনা হয়েছে। বেহালা পশ্চিমে দীর্ঘ ২৫ বছর পর পরিবর্তন করে পার্থ চট্টোপাধ্যায়ের জায়গায় রত্না চট্টোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। বেলেঘাটায় পরেশ পালের পরিবর্তে কুণাল ঘোষ, চুঁচুড়ায় অসিত মজুমদারের বদলে দেবাংশু ভট্টাচার্যকে প্রার্থী করা হয়েছে। উত্তরপাড়ায় অভিনেতা কাঞ্চন মল্লিকের বদলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে টিকিট দেওয়া হয়েছে।
এছাড়া রাজগঞ্জে খগেশ্বর রায়ের জায়গায় অ্যাথলিট স্বপ্না বর্মণ, বলাগড়ে মনোরঞ্জন ব্যাপারীর পরিবর্তে রঞ্জন ধাড়া, বারাসতে চিরঞ্জিত চক্রবর্তীর বদলে সব্যসাচী দত্তকে প্রার্থী করা হয়েছে।রাজ্যের তিন মন্ত্রী জ্যোৎস্না মান্ডি, মনোজ তিওয়ারি এবং তাজমুল হোসেনও এবার টিকিট পাননি। তাঁদের আসনেও নতুন মুখ আনা হয়েছে।
প্রার্থী তালিকা (TMC Candidate List) ঘোষণার পর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান, যাঁরা টিকিট পাননি, তাঁদের সংগঠনের কাজে যুক্ত রাখা হবে। একইসঙ্গে তিনি স্পষ্ট করেন, এবার প্রার্থী নির্বাচনে গুরুত্ব দেওয়া হয়েছে কর্মক্ষমতা, জনসংযোগ এবং মানুষের পাশে থাকার মানসিকতাকে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
