নিউজ পোল ব্যুরো: বিধানসভা নির্বাচনের সূচি ঘোষণা হতেই বাংলার রাজনীতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। নির্ঘণ্ট প্রকাশের (Mamata vs Subhendu) পর থেকেই বিরোধী দলগুলি ধাপে ধাপে প্রার্থী তালিকা প্রকাশ শুরু করলেও, সম্পূর্ণ তালিকা একসঙ্গে প্রকাশ করে রাজনৈতিক ময়দানে একধাপ এগিয়ে যায় তৃণমূল কংগ্রেস (TMC)। এর জেরে বিরোধীরা কিছুটা চাপে পড়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি নজর কাড়ছে ভবানীপুর বিধানসভা কেন্দ্র। এটি দীর্ঘদিন ধরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। এবার সেখানেই সরাসরি তাঁর বিরুদ্ধে লড়াইয়ে নামছেন বিরোধী দলনেতা (Mamata vs Subhendu) শুভেন্দু অধিকারী। তবে রাজনৈতিক মহলে জোর জল্পনা, ভবানীপুরে কঠিন লড়াইয়ের আশঙ্কা থেকেই শুভেন্দু একইসঙ্গে নন্দীগ্রাম কেন্দ্র থেকেও প্রার্থী হয়েছেন।
আরও পড়ুন: Kolkata Metro: মেট্রোয় নিষিদ্ধ সামগ্রী নিয়ে কড়াকড়ি, স্টেশনজুড়ে সতর্কতা নিয়ম না মানলেই জরিমানা ও জেল
এদিকে ভোটের আবহে বুধবার থেকেই ভবানীপুরে শুরু হয়েছে দেওয়াল লিখন। তৃণমূল কংগ্রেস কর্মীরা উৎসাহের সঙ্গে এলাকায় প্রচারে নেমে পড়েছেন। কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata vs Subhendu) নিজের প্রার্থীপদ ঘোষণা করে আত্মবিশ্বাসের সুরে জানিয়েছিলেন, “একটা ভোট হলেও ভবানীপুরে আমিই জিতব।” অন্যদিকে বিজেপির তরফে হঠাৎ করেই শুভেন্দু অধিকারীর নাম ঘোষণা করা হয় এই কেন্দ্রের প্রার্থী হিসেবে।
প্রার্থী তালিকা প্রকাশের সময় মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বার্তা দেন তাঁদের সরকার মানুষের জন্য কাজ করেছে, তাই জয়ের ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী। তাঁর অভিযোগ, বিজেপি শুধু নির্বাচনের সময় সক্রিয় হয়, কিন্তু সারা বছর মানুষের পাশে থাকে না।
দেওয়াল লিখনের সময় তৃণমূল কর্মীদের মধ্যে প্রবল আত্মবিশ্বাস লক্ষ্য করা গিয়েছে। যদিও ওই সময় এলাকায় বিজেপি কর্মীদের তেমন উপস্থিতি দেখা যায়নি।
২০২১ সালের নির্বাচনের স্মৃতি এখনও তাজা। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। ফলাফল ঘিরে বিতর্কও তৈরি হয়, যা আদালত পর্যন্ত গড়ায়। পরে মমতা ভবানীপুর থেকে জয়ী হন।
এবার সমীকরণ কিছুটা বদলেছে। নন্দীগ্রামে তৃণমূল নতুন মুখ পবিত্র করকে প্রার্থী করেছে, যা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে, ভবানীপুর ও নন্দীগ্রাম দুই কেন্দ্রেই এবার লড়াই যে অত্যন্ত জমজমাট হতে চলেছে, তা বলাই যায়।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
