নিউজ পোল ব্যুরো: সুপ্রিম কোর্টে (Supreme Court) আশ্বাস দেওয়া সত্ত্বেও এখনও শুরু করা গেল না ট্রাইব্যুনালের (SIR Tribunal) কার্যক্রম। নির্বাচন কমিশনের (Election Commission) পরিকল্পনা ছিল, বুধবার প্রশিক্ষণ শেষ করে বৃহস্পতিবার থেকেই ট্রাইব্যুনালের কাজ শুরু হবে। সেই লক্ষ্যেই বুধবার বিকেল ৫টা নাগাদ মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত সেই বৈঠক অনিশ্চিত পরিস্থিতিতে ভেস্তে যায়, ফলে নির্ধারিত সময় অনুযায়ী ট্রাইব্যুনালের (SIR Tribunal) কাজ শুরু করা সম্ভব হল না।
এর আগেই ১৯ জন অবসরপ্রাপ্ত বিচারপতি ও বিচারকদের নিয়ে ট্রাইব্যুনাল (SIR Tribunal) গঠন করা হয়েছিল। কোথায় বসে তারা কাজ করবেন, তাও চূড়ান্ত করা হয়েছিল জোকার সরকারি ভবনেই ট্রাইব্যুনালের কার্যক্রম চালানোর পরিকল্পনা ছিল। এই ট্রাইব্যুনালের মূল কাজ হল, ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিরা আবেদন করলে তাঁদের বৈধতা খতিয়ে দেখা। আবেদন অনলাইন ও অফলাইন দু’ভাবেই গ্রহণ করার কথা ছিল।
আরও পড়ুন: Left-ISF: মধ্যমগ্রামে বাম-আইএসএফ সম্মুখ সমর, একই আসনে দুই প্রার্থীর নাম ঘোষণায় তুঙ্গে বিতর্ক
কিন্তু বুধবারের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ওঠে, যার সদুত্তর দিতে পারেনি নির্বাচন কমিশন। সূত্রের খবর, অবসরপ্রাপ্ত বিচারপতিরা জানতে চান, ট্রাইব্যুনালের কাজের নির্দিষ্ট স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (SOP) কোথায়, প্রয়োজনীয় পরিকাঠামো কতটা প্রস্তুত, কিংবা যদি কোনও ভোটার অভিযোগ করেন যে বিএলও তাঁর নথি গ্রহণ করেননি, তবে সেই ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া প্রতিটি আবেদনকারীকে যথাযথভাবে বক্তব্য রাখার সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়েও স্পষ্টতা চান তাঁরা।
এই প্রশ্নগুলির সন্তোষজনক উত্তর না মেলায় বিচারপতিদের একাংশ অসন্তোষ প্রকাশ করেন। এমনকি কয়েকজন ট্রাইব্যুনাল থেকে সরে দাঁড়ানোর ইচ্ছাও প্রকাশ করেছেন বলে জানা গিয়েছে। এক প্রাক্তন বিচারপতি স্পষ্টই বলেন, এই অবস্থায় কাজ চালানো সম্ভব নয়। ফলে বৈঠক স্থগিত হয়ে যায় এবং কবে পুনরায় বৈঠক হবে, তা এখনও জানানো হয়নি।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
