নিউজ পোল ব্যুরো: বহরমপুরে নির্বাচনী প্রচারকে ঘিরে ফের উত্তেজনার পারদ চড়ল। কংগ্রেস নেতা অধীর চৌধুরীর (Adhir Chowdhury) প্রচার কর্মসূচি চলাকালীন বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের (TMC) বিরুদ্ধে। শনিবার সকালে শহরের ২১ নম্বর ওয়ার্ডে এই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের কর্মী-সমর্থকদের মধ্যে তীব্র উত্তেজনা ও ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, অধীর চৌধুরী (Adhir Chowdhury) গাড়ি থেকে নেমে প্রচার শুরু করার আগেই তৃণমূলের কর্মী-সমর্থকেরা তাঁকে লক্ষ্য করে ‘জয় বাংলা’ স্লোগান দিতে শুরু করেন। অভিযোগ, এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং কংগ্রেস কর্মীদের সঙ্গে তৃণমূল কর্মীদের বচসা চরমে পৌঁছায়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতির রূপ নেয়। শুধু কংগ্রেস কর্মীরাই নন, অধীর চৌধুরীর নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদের সঙ্গেও তৃণমূল কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ।
আরও পড়ুন: ED: ভোটের মুখে আরও দুই মন্ত্রীকে তলব করল ইডি, বাড়ছে অস্বস্তি
এই ঘটনায় এলাকার ১৯ নম্বর ওয়ার্ডের এক তৃণমূল কাউন্সিলরের নামও সামনে এসেছে। যদিও অভিযোগ অস্বীকার করে তিনি দাবি করেছেন, কংগ্রেসই বাইরের লোক এনে অশান্তি তৈরির চেষ্টা করেছে। তাঁর কথায়, “এটা আমাদের এলাকা, আমরা প্রতিদিনই এখানে থাকি। হঠাৎ করে বাইরের লোক নিয়ে এসে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা করা হচ্ছে।”
অন্যদিকে, কংগ্রেস নেতৃত্বের দাবি, অধীর চৌধুরীর (Adhir Chowdhury) জনপ্রিয়তা বেড়ে যাওয়ায় তৃণমূল ভীত হয়ে পড়েছে বলেই এই ধরনের বাধা তৈরি করা হচ্ছে। কংগ্রেস নেতা অশুতোষ চট্টোপাধ্যায় বলেন, “অধীর চৌধুরী বিপুল ব্যবধানে জিতবেন বুঝেই তৃণমূল এমন আচরণ করছে।” ঘটনার পর নিরাপত্তারক্ষীরা দ্রুত অধীর চৌধুরীকে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। তবে তিনি পরে অন্য ওয়ার্ডে গিয়ে পুনরায় প্রচার শুরু করেন। পুরো ঘটনাকে ঘিরে বহরমপুরের রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
