নিউজ পোল ব্যুরো: আমাদের জীবন ব্যস্ততায় ঘেরা। তাই প্রতিদিন নিয়ম করে শরীরচর্চা করা অনেকের পক্ষেই সম্ভব হয়ে ওঠেনা। আবার অনেকে খাবারের ওপর নিয়ন্ত্রণ আনতে না পেরে অনেকসময়ই অস্বাস্থ্যকর খাবারের হাতছানি উপেক্ষা করতে পারেন না। তাই শেষ পর্যন্ত নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে না পারার কারণে মানুষ হতাশ হন। তবে বিশেষজ্ঞদের মতে খুব কম খেয়ে অথবা না খেয়ে দিন কাটিয়ে দিলে মোটেই ওজন কমানো সম্ভব নয়। বরং বেছে নিতে হবে সঠিক খাবার। আর ওজন কমানোর অন্যতম হিসেবে ব্যবহার করা যেতেই পারে অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider Vinegar)।
আরও পড়ুন:Health Tips: দুপুর হলেই কি দুচোখে ঘুম নামে? ডেস্কে বসেই ঘুম তাড়ানোর ৫টি জাদুকরী উপায় জেনে নিন
অ্যাপল সাইডার ভিনিগার (Apple Cider Vinegar) এই ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি মূলত খিদে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে তাই অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে। এছাড়াও এটি বিপাকক্রিয়া বাড়িয়ে ক্যালোরি দ্রুত পোড়াতে সাহায্য করে এবং হজমশক্তি উন্নত করে। তবে এটি সঠিক নিয়মে না খেলে অনেকসময় বিপদ হতে পারে, অর্থাৎ উপকারের বদলে অপকার হওয়ার সম্ভাবনা বাড়ে।
রোজের ডায়েটে সহজেই অ্যাপল সাইডার ভিনিগার যোগ করার জন্য কিছু সহজ রেসিপি রয়েছে—
১) এসিভি লেমন ডিটক্স ড্রিংক:এক গ্লাস হালকা গরম জলে ১ টেবিল চামচ অ্যাপল সাইডার ভিনিগার, অর্ধেক লেবুর রস এবং এক চিমটে দারচিনির গুঁড়ো মিশিয়ে নিন। সকালে খালি পেটে এই পানীয় খেলে হজম ভালো হয় এবং বিপাকক্রিয়া দ্রুত হয়। গ্যাস বা পেট ফাঁপার সমস্যাও কমে।
২) এসিভি শসার স্যালাড:একটি শসা পাতলা করে কেটে নিন। তার সঙ্গে ১ টেবিল চামচ এসিভি এবং অল্প লেবুর রস মিশিয়ে নিন। এরপর বিটনুন, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা ও পুদিনাপাতা দিয়ে মিশিয়ে নিলেই তৈরি হালকা স্যালাড। এটি শরীরকে হাইড্রেট রাখে এবং হজমে সাহায্য করে।
৩) এসিভি গ্রিন স্মুদি:আধ কাপ পালং শাক, অর্ধেক সবুজ আপেল, একটি শসা, এক গ্লাস ডাবের জল এবং ১ টেবিল চামচ এসিভি একসঙ্গে ব্লেন্ড করে নিন। সকালে খালি পেটে এই স্মুদি খেলে অনেকক্ষণ পেট ভরা থাকে। এতে থাকা ফাইবার ওজন কমাতে সহায়ক।
তবে এই কথা সকলকে মাথায় রাখতে হবে যে সরাসরি অ্যাপল সাইডার ভিনিগার কখনওই খাওয়া উচিত নয়। এটি সব সময় জল বা অন্য তরলের সঙ্গে মিশিয়ে খাওয়া উচিৎ। আবার সবকিছুরই একটা নির্দিষ্ট সীমা আমাদের বজায় রাখতে হবে। অতিরিক্ত পরিমাণে এটি গ্রহণ করলে পেটের সমস্যা হতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
