নিউজ পোল ব্যুরো: মেটে দিয়ে চচ্চড়ি বা ঝাল রান্না বাঙালির ঘরে ঘরে পরিচিত। তবে একই স্বাদের পুনরাবৃত্তি এড়াতে চাইলে এ বার রান্নাঘরে আনতে পারেন একটু নতুনত্ব। গন্ধরাজ লেবুর মাদকতাময় সুবাস আর ঝাল মশলাদার মেটের অনন্য মেলবন্ধনে তৈরি হতে পারে এক অভিনব পদ— গন্ধরাজ মেটে (Gondhoraj Mete)। গ্রীষ্মের দিনে এই রান্না যেমন মুখে রুচি ফেরাবে, তেমনই অতিথি আপ্যায়নেও যোগ করবে আলাদা মাত্রা।
আরও পড়ুন:Summer Recipe: গরমে ঝটপট রান্না, কুমড়োপাতা আর চিংড়ির মেলবন্ধনে বানিয়ে ফেলুন সুস্বাদু ভাপা
গন্ধরাজ লেবুর বিশেষত্ব তার সুগন্ধে। সাধারণ লেবুর তুলনায় এর সুবাস অনেক বেশি তীব্র এবং দীর্ঘস্থায়ী। অন্য দিকে, মেটে তার নিজস্ব স্বাদ ও নরম গঠনের জন্য অনেকেরই পছন্দের খাবার। এই দুই উপাদান একসঙ্গে মিশে তৈরি করে এক ব্যতিক্রমী রেসিপি, যা এক বার খেলে সহজে ভোলা কঠিন।
উপকরণ
২৫০ গ্রাম মেটে, ১ চা-চামচ গন্ধরাজ লেবুর রস, এক চিমটে গন্ধরাজ লেবুর জেস্ট, ৩ টেবিল-চামচ সর্ষের তেল, ২টি মাঝারি পেঁয়াজ কুচি, ২ চা-চামচ রসুনবাটা, দেড় চা-চামচ আদাবাটা, ১ চা-চামচ হলুদগুঁড়ো, ১ চা-চামচ গোলমরিচগুঁড়ো, কয়েকটি গোটা গোলমরিচ, ১ চা-চামচ চিনি, সামান্য এলাচ-দারচিনি গুঁড়ো এবং স্বাদমতো নুন।
প্রণালী
প্রথমে মেটে ভালো করে ধুয়ে নিন। তার পর আধ চা-চামচ আদাবাটা, আধ চা-চামচ রসুনবাটা, নুন, হলুদ ও গোলমরিচ মিশিয়ে ১৫ থেকে ২০ মিনিট মেরিনেট করে রাখুন।
এ বার কড়াইয়ে সর্ষের তেল গরম করে পেঁয়াজ ভেজে বাদামি রঙের বেরেস্তা তৈরি করুন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে বাকি আদা-রসুনবাটা এবং গোটা গোলমরিচ দিয়ে কষতে থাকুন। প্রয়োজন হলে সামান্য জল দিতে পারেন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে মেরিনেট করা মেটে কড়াইয়ে দিয়ে দিন। স্বাদমতো নুন ও সামান্য চিনি মিশিয়ে মাঝারি আঁচে ঢেকে রান্না করুন প্রায় ১৫ মিনিট। মেটে নরম হয়ে এলে রান্নার শেষ পর্যায়ে গন্ধরাজ লেবুর রস এবং লেবুর জেস্ট মিশিয়ে দিন। শেষে থেঁতো করা এলাচ ও দারচিনির গুঁড়ো ছড়িয়ে কয়েক মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিন।
পরিবেশনের সময় উপর থেকে আরও সামান্য গন্ধরাজের জেস্ট ছড়িয়ে দিলে সুবাস আরও বেড়ে যাবে। গরম ভাতের সঙ্গে এই গন্ধরাজ মেটে (Gondhoraj Mete) পরিবেশন করলে গ্রীষ্মের দুপুরের খাবারে আসবে নতুন স্বাদের ছোঁয়া।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
