ভাঙনের মুখে তৃণমূল? উত্তর দমদমে ২১ কাউন্সিলরের পদত্যাগে তুঙ্গে জল্পনা

breakingnews রাজনীতি রাজ্য

নিউজপোল ব্যুরো: উত্তর দমদম পুরসভাকে ঘিরে হঠাৎই তৈরি হয়েছে রাজনৈতিক অস্থিরতা। চেয়ারম্যান বিধান বিশ্বাস, উপ-চেয়ারম্যান এবং একাধিক গুরুত্বপূর্ণ পদাধিকারীসহ মোট ২১ জন কাউন্সিলরের একসঙ্গে পদত্যাগ ঘিরে শুরু হয়েছে জোর জল্পনা। দীর্ঘদিন ধরে যেখানে পুরসভা কার্যত তৃণমূল কংগ্রেসের একত্রে নিয়ন্ত্রণে ছিল, সেখানে এই ঘটনার পর প্রশাসনিক মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

সূত্রের দাবি, পদত্যাগপত্র জমা দেওয়ার সময় চেয়ারম্যান বিধান বিশ্বাস জানিয়েছেন, তিনি ব্যক্তিগত কারণেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একই বক্তব্য দিয়েছেন আরও কয়েকজন কাউন্সিলরও। রাজনৈতিক মহলের একাংশের মতে, একসঙ্গে এত সংখ্যক জনপ্রতিনিধির পদত্যাগকে শুধুমাত্র ব্যক্তিগত কারণ বলে মেনে নেওয়া যাচ্ছে না । উল্লেখযোগ্যভাবে, উত্তর দমদম পুরসভার মোট ৩৫টি আসনের সবকটিই শাসকদলের দখলে ছিল। সেই অবস্থায় একসঙ্গে ২১ জনের পদত্যাগ প্রশাসনিক ভারসাম্য নিয়েই প্রশ্ন তুলে দিয়েছে। দলের দাবি, এটি কোনও রাজনৈতিক সংকট নয়, বরং এটি সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্তের ফলাফল। তবুও এত বড় সংখ্যায় পদত্যাগের ঘটনায় স্থানীয় প্রশাসনের কাজকর্মে প্রভাব পড়তে পারে বলে মনে করা হচ্ছে।

এখন নজর পরবর্তী পদক্ষেপের দিকে। দীর্ঘদিনের প্রশাসনিক স্থিতাবস্থা ভেঙে পড়ায় শুরু হয়েছে নতুন সমীকরণের জল্পনা। নতুন করে বোর্ড গঠন হবে কিনা, নাকি প্রশাসনিক নিয়ম মেনে পরিস্থিতি সামাল দেওয়া হবে— সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে রাজনৈতিক মহলে। উত্তর দমদমের এই ঘটনা রাজ্য রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে, তা বলাই যায়।