নিউজ পোল ব্যুরো: বাইরে টিপটিপ বা মুষলধারে বৃষ্টি, আর ঘরে গরম ভাত, পোলাও কিংবা নানের সঙ্গে ধোঁয়া ওঠা দম পনির— এমন খাবারের লোভ সামলানো সত্যিই কঠিন। সাধারণ পনিরের তরকারির বদলে যদি একটু অন্য রকম স্বাদ চান, তবে মাটির হাঁড়ির সোঁদা সুবাসে তৈরি দম পনির (Dum Paneer) হতে পারে আদর্শ পদ। বিশেষত্ব হল, আলাদা করে দীর্ঘক্ষণ দম দেওয়ার প্রয়োজন নেই। গরম রান্না মাটির পাত্রে রেখে দিলেই ধীরে ধীরে মিশে যাবে সেই অনন্য মাটির গন্ধ।
আরও পড়ুন:Hilsa: ইলিশের স্বাদে নতুন চমক! বরিশালের কায়দায় বানিয়ে ফেলুন ইলিশ ভুনা
উপকরণ:
এই রেসিপি তৈরির জন্য লাগবে ৪০০ গ্রাম পনির, ২ টেবিল চামচ তেল, ২টি তেজপাতা, ২টি সবুজ এলাচ, ২টি লবঙ্গ, একটি মাঝারি আকারের দারচিনির টুকরো, ১ চা-চামচ করে আদাবাটা, রসুনবাটা ও লঙ্কাবাটা, আধ কাপ পেঁয়াজবাটা, আধ চা-চামচ জিরেগুঁড়ো, দেড় টেবিল চামচ ধনেগুঁড়ো, ৬ থেকে ৮টি গুঁড়ো করা গোলমরিচ, স্বাদমতো নুন, আধ কাপ ফেটানো টক দই, আধ কাপ ফ্রেশ ক্রিম, এক চিমটি কেশর, আধ টেবিল চামচ গরম মশলা, ২ টেবিল চামচ ধনেপাতা কুচি, আধ টেবিল চামচ পুদিনাপাতা কুচি, কয়েকটি গোলাপের পাপড়ি এবং দেড় টেবিল চামচ গোলাপজল।
প্রণালী:
প্রথমে পনিরকে ছোট ছোট কিউব আকারে কেটে নিন। পাশাপাশি একটি পরিষ্কার মাটির হাঁড়ি বা পাত্র ধুয়ে শুকিয়ে রাখুন। এবার একটি কড়াইয়ে তেল গরম করে তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ ও দারচিনি ফোড়ন দিন। সুগন্ধ বেরোতে শুরু করলে আদা, রসুন, লঙ্কা ও পেঁয়াজবাটা দিয়ে মাঝারি আঁচে ভালো করে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে অল্প গরম জল দিন। এরপর জিরে, ধনে, গোলমরিচের গুঁড়ো এবং স্বাদমতো নুন মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করুন। এবার ফেটানো টক দই ধীরে ধীরে মিশিয়ে নাড়তে থাকুন, যাতে দই না ফেটে যায়। তারপর পনিরের টুকরোগুলি দিয়ে কয়েক মিনিট ফুটিয়ে ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন।
রান্না হয়ে গেলে পুরো মিশ্রণটি গরম অবস্থাতেই মাটির হাঁড়িতে ঢেলে দিন। উপর থেকে গরম মশলা, ধনেপাতা, পুদিনাপাতা, কেশর, গোলাপের পাপড়ি এবং গোলাপজল ছড়িয়ে হাঁড়ির মুখ শক্ত করে ঢেকে রাখুন। গরম রান্নার বাষ্প ও মাটির পাত্রের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে কয়েক মিনিটের মধ্যেই খাবারের মধ্যে তৈরি হবে দারুণ সোঁদা ও হালকা ধোঁয়াটে সুবাস।
রুটি, নান, পরোটা কিংবা সুগন্ধি পোলাও— সব কিছুর সঙ্গেই এই দম পনির (Dum Paneer) দারুণ মানিয়ে যায়। বর্ষার দিনে পরিবার বা অতিথিদের জন্য একটু ভিন্ন স্বাদের নিরামিষ পদ পরিবেশন করতে চাইলে এই রেসিপি একবার অবশ্যই চেষ্টা করে দেখতে পারেন।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
