নিউজ পোল ব্যুরো: টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেতা গৌরব রায়চৌধুরী (Gourab Roychowdhury)। তবে এবার হয়তো ধীরে ধীরে তাঁর টেলিভিশনের পাঠ চুকতে চলেছে। তাঁকে শেষবার ছোট পর্দায় পুবের ময়না ধারাবাহিকে অভিনয় করতে দেখা গিয়েছিল। তারপর বেশ অনেক মাস কেটে গিয়েছে ছোট পর্দায় ফিরে আসেননি গৌরব। তবে এর মধ্যে বেশ অনেকগুলো ছবিতে সইসাবুদের কাজ সম্পূর্ণ করেছেন অভিনেতা। মাঝখানে তাঁকে শ্যামৌপ্তি মুডলীর সঙ্গে ‘রঙ্কিনী ভবন’ ওয়েব সিরিজে জুটি বাঁধতে দেখা গিয়েছিল। তাঁদের জুটি যথেষ্ট প্রশংসাও পেয়েছিল। তবে গৌরবের পরবর্তী কাজ এবার বড় পর্দায়।
আরও পড়ুন: খড়গ্রামে বার্থ সার্টিফিকেট কেলেঙ্কারি? BMOH-র বিরুদ্ধে গুরুতর অভিযোগে শুরু তদন্ত
শৌভিক দে পরিচালিত ‘দ্য ক্যালকাটা ফাইল্স’-এ একটি মুখ্য চরিত্রে দেখা যাবে গৌরব রায়চৌধুরীকে (Gourab Roychowdhury)। খুব শীঘ্রই সেই ছবির শ্যুটিং শুরু করবেন অভিনেতা, এমনটাই জানা যাচ্ছে। তবে কি ছোট পর্দা থেকে পুরোপুরি বিদায় নিচ্ছেন অভিনেতা? গৌরবের কথায় এমন চিন্তাভাবনা তাঁর মাথায় আসেনি। একজন অভিনেতা হিসেবে তিনি চান সব মাধ্যমে কাজ করতে এবং সেটাই করছেন। পরবর্তীকালে হয়ত আবার ছোট পর্দায় ফিরতে পারেন অভিনেতা। কিন্তু এখন তাঁর হাতে বেশ কিছু ছবি থাকার কারণে মাসের প্রতিটি দিন টেলিভিশনে তিনি দিতে পারবেন না।
তবে ছোটপর্দায় যে আর্থিক স্বচ্ছলতা পাওয়া যায় তা কি অন্য কোনো মাধ্যমে পাওয়া যায়? এই প্রসঙ্গে অভিনেতা বলেছেন তাঁর ১৪ বছরের অভিনয় জীবনে তিনি কোনোদিন ভাবেননি ছোট পর্দায় সাফল্য পাবেন। প্রথমে থিয়েটারে অভিনয় এবং পরে ছোট পর্দায় সুযোগ পান তিনি। তাই আর্থিক স্বচ্ছলতা উপভোগ করতে গিয়ে ভাল মানের কাজ হারাতে চাননা গৌরব। এরপর আরও একটি ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা চলছে। সম্প্রতি ‘অন্তরাল’ ছবির শুটিং সবে শেষ করেছেন গৌরব, বোঝাই যাচ্ছে বড় পর্দায় তিনি একের পর এক ব্রেক পেয়ে আপাতত এই মাধ্যমে নিজের হাত পাকাতে চাইছেন অভিনেতা। তবে ইচ্ছা, সময় এবং সুযোগ পেলে পরবর্তীকালে আবার ছোট পর্দাতেও তাঁকে দেখা যেতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
