নিউজ পোল ব্যুরো: “রাজনীতির ময়দানে টিকে থাকতে হলে প্রথম শর্ত সংগঠন। আর যদি সেটা না থাকে, তাহলে কেউ আপনাকে পাত্তা দেবে না”, এই সরল, অথচ গভীর রাজনৈতিক বার্তাই দিয়ে গেলেন এআইসিসি-র সাধারণ সম্পাদক কেসি বেনুগোপাল (KC Venugopal)। বৃহস্পতিবার কলকাতায় প্রদেশ কংগ্রেস (Congress) নেতাদের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, দলের ভিত যদি মজবুত না হয়, তাহলে রাহুল গান্ধীর (Rahul Gandhi) সফরেও কোনও লাভ হবে না।
আরও পড়ুন: Rahul Gandhi: রাহুল গান্ধীর বিদেশ সফর ঘিরে বিতর্ক! নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগ সিআরপিএফের
দক্ষিণ কলকাতার একটি হোটেলে আয়োজিত এই ‘গোল টেবিল বৈঠক’-এ প্রদেশ কংগ্রেসের (Congress) রাজনৈতিক বিষয়ক কমিটির প্রায় ৬৫ জন সদস্য উপস্থিত ছিলেন। বৈঠকে ছিলেন রাজ্যের পর্যবেক্ষক গোলাম মীর, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার সহ শীর্ষ নেতৃত্ব। বেনুগোপালের বার্তা ছিল একরকম — “দলের পুনর্গঠন করুন, বুথস্তরে পৌঁছান, প্রতিকূলতার মধ্যেই লড়ার মানসিকতা গড়ে তুলুন।”
প্রদেশ নেতারা রাহুল গান্ধীর সফরের জন্য চাপ সৃষ্টি করলে, বেনুগোপাল সাফ জানান, “রাহুল আসবেন, তিনিও প্রস্তুত। কিন্তু আগে দলকে মাঠে নামতে হবে। কেবল মিছিল করলে হবে না, তার প্রভাব যেন রাজ্যের ঘরে ঘরে পড়ে। তা নিশ্চিত করতে হবে।” কালীপুজোর (Kalipujo) পর থেকেই রাজ্যে ভোটের প্রস্তুতি জোরদার করতে বলেছে হাইকমান্ড। বাম-কংগ্রেস (Congress) জোট নিয়ে এদিন কোনও মন্তব্য না করলেও বেনুগোপাল জানান, এই বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজ্য নেতৃত্বই। জাতীয় নেতৃত্ব রাজ্যের রাজনৈতিক বাস্তবতা বোঝে, তাই স্থানীয় স্তরের মতামত মেনেই চূড়ান্ত রূপরেখা তৈরি হবে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
এসআইআর (SIR) ইস্যুতে বিজেপিকে (BJP) আক্রমণ করে বলেন, “ভোট চুরি করেছে ওরা, এবার বৈধ ভোটারদের বাদ দিতে চাইছে।” একই সঙ্গে জোরালো বার্তা,”INDIA জোটের আদর্শে যারা বিশ্বাসী, তাঁরাই আজ গণতন্ত্রের সত্যিকারের রক্ষক।”
