Aparajita Ghosh: চিরসখার ‘কমলিনী’-র ঘরোয়া জগৎ, বাস্তবেও সংসারী অপরাজিতা ঘোষ

পেজ 3

 

 

নিউজ পোল ব্যুরো: স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক চিরসখা এখন টেলিভিশনের অন্যতম আলোচিত সিরিজ। দুই মধ্যবয়সী মানুষের প্রেমকাহিনী নিয়ে তৈরি এই ধারাবাহিকের কেন্দ্রবিন্দুতে রয়েছে স্বতন্ত্র ও কমলিনীর সম্পর্ক। দর্শকদের কাছে সবচেয়ে প্রিয় হয়ে উঠেছে কমলিনীর চরিত্রটি— যেভাবে না পাওয়ার ভিড়ে থেকেও সংসারকে ভালোবাসা ও যত্নে সাজিয়ে রেখেছে, তা বিশেষ প্রশংসা কুড়িয়েছে। কমলিনীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh)।

আরও পড়ুন: Riju Biswas : শাড়িতে ভালো লাগছে’ বলেই বিপাকে ঋজু বিশ্বাস! ব্যক্তিগত চ্যাট ফাঁস, নেটপাড়ায় তীব্র সমালোচনার মুখে অভিনেতা

বাস্তব জীবনেও তিনি কমলিনীর মতোই নিজের সংসার সাজিয়ে রেখেছেন সযত্নে। টলিউডের অন্যতম জনপ্রিয় ও ‘পাওয়ার কাপল’ হলেন অপরাজিতা ঘোষ (Aparajita Ghosh) ও ঋত্বিক চক্রবর্তী। দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য জীবন তাঁদের। ২০১১ সালের ২৪ এপ্রিল তাঁদের বিয়ে হয়, তাঁদের এক পুত্র সন্তান— উপমন্যু।

 

সম্প্রতি ‘গৃহকোণ সংকলন’ শিরোনামে নিজের বাড়ির একগুচ্ছ ছবি সামাজিক মাধ্যমে ভাগ করে নেন অপরাজিতা। ছবিগুলিতে স্পষ্ট দেখা যায়, কী সুন্দরভাবে তিনি নিজের অন্দরমহল সাজিয়ে রেখেছেন। বসার ঘরে কাঠের আসবাব, নরম আলো, ভিন্টেজ লুক, ঝাড়বাতি আর ইন্ডোর প্লান্ট— একেবারে একটুখানি শান্তির আবাস যেন।

 

ব্যালকনিতেও রয়েছে সবুজের ছোঁয়া— টবভর্তি গাছপালা, ফুলের টব, আর একটি নামফলক যেখানে লেখা, ঋত্বিক–অপরাজিতা–উপমন্যু। অনুরাগীরা ছবিগুলিতে মুগ্ধ হয়ে মন্তব্য করেছেন—

“একটা সিম্পল আর এলিগ্যান্ট বাড়ি। কোনো বাড়াবাড়ি নেই, অথচ এত সুন্দর!”

“একমুঠো স্নিগ্ধতা আর একরাশ মুগ্ধতা।”

একজন লিখেছেন, “আপনার আর পরমব্রতর বাড়ি আমার খুব ভালো লাগে— একদম খাঁটি বাঙালি বাড়ি।” মজার বিষয়, এই পোস্টে লাইক করেছেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়ের স্ত্রী পিয়া চক্রবর্তীও, যিনি নিজেও স্বামীর বাড়ি সাজানোর ক্ষেত্রে বেশ যত্নশীল হিসেবে পরিচিত।

 

অপরাজিতা বর্তমানে চিরসখা-র মাধ্যমে দর্শকদের মুগ্ধ করছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল এক্কা দোক্কা ধারাবাহিকে। বড় পর্দায় তাঁর শেষ কাজ ছিল ২০২৩ সালের কীর্তন সিনেমায়। অভিনয়ের পাশাপাশি সংসার ও মাতৃত্বের ভারসাম্য যেভাবে সামলান তিনি, তা তাঁকে বাস্তবের ‘কমলিনী’ বলেই প্রমাণ করে।

 

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole