Freezer Tips: ফ্রিজারে মাছ কত দিন রাখা নিরাপদ? জানালেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: কর্মব্যস্ত জীবনে রোজ বাজারে যাওয়া বহু মানুষের পক্ষেই সম্ভব নয়। তাই সপ্তাহের ছুটির দিনে একসঙ্গে মাছ-সব্জির বাজার সেরে ফ্রিজারে (Freezer Tips) তুলে রাখার অভ্যাস এখন প্রায় ঘরে ঘরেই। কেউ কেউ আবার মাসখানেক পর্যন্ত ফ্রিজারে রাখা মাছও খেয়ে থাকেন। কিন্তু এই অভ্যাস কি স্বাস্থ্যসম্মত? কত দিন পর্যন্ত ফ্রিজারে মাছ রেখে খাওয়া নিরাপদ—এ নিয়ে মত দিলেন পুষ্টিবিদ ও চিকিৎসকরা।

আরও পড়ুন: Kitchen Tips: ব্যস্ত জীবনে ফ্রিজই ভরসা, কী ভাবে রাখলে খাবার থাকবে টাটকা? জেনে নিন

পুষ্টিবিদ শম্পা চক্রবর্তী জানান, ফ্রিজারে (Freezer Tips) মাছ রাখলে জীবাণুর ঝুঁকি কমে ঠিকই, তবে মাছ যত বেশি দিন ফ্রিজ়ারে থাকবে, ততই তার পুষ্টিগুণ কমতে থাকে। মাছের মধ্যে থাকা ভিটামিন ও প্রয়োজনীয় পুষ্টি দ্রুত নষ্ট হয়ে যায় কম তাপমাত্রায়। তাঁর কথায়, “বাজারে মাঝে মাঝে আগের বছরের মাছও বিক্রি হতে দেখা যায়। ফ্রিজ়ারে রাখলে মাছ পচে যায় না, কিন্তু সেই মাছের স্বাদ ও পুষ্টি প্রায় থাকে না বললেই চলে।” ফলে টাটকা মাছের বিকল্প নেই।

মাছ খাওয়ার যোগ্য কি না বুঝতেও কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। পুষ্টিবিদের মতে, মাছের রং পাল্টে গেলে, টেক্সচার নরম হয়ে গেলে বা স্বাদ অস্বাভাবিক লাগলে বুঝতে হবে সেই মাছ আর খাওয়ার উপযোগী নয়। অনেক ক্ষেত্রে এমন মাছ খেলে হজমের গোলমাল থেকে শুরু করে অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

চিকিৎসক শুভম সাহা আবার ফ্রিজারে মাছ তোলার পদ্ধতি নিয়ে সতর্ক থাকতে বলেন। তাঁর মতে, “কাঁচা অবস্থায় মাছ কখনও ফ্রিজে রাখা উচিত নয়। কাঁচা মাছে সালমোনেলার মতো ক্ষতিকর জীবাণু থাকতে পারে। ফ্রিজ়ারে বহু দিন রাখার পরে সাধারণ তাপমাত্রায় আনার সময় এই জীবাণুগুলি দ্রুত বৃদ্ধি পায়। সেই মাছ খেলে ফুড পয়জনিংয়ের ঝুঁকি তৈরি হতে পারে।” তাই মাছ পরিষ্কার করে, ভালোভাবে ধুয়ে তবেই সংরক্ষণ করতে হবে।

বিশেষজ্ঞদের মতে, টাটকা মাছ খাওয়া সবচেয়ে স্বাস্থ্যকর। কিন্তু বাধ্য হয়ে যদি ফ্রিজ়ারের মাছ খেতেই হয়, তবে সাত থেকে দশ দিনের বেশি পুরনো মাছ না খাওয়াই উত্তম। এর বেশি সময় রাখলে মাছের স্বাদ যেমন নষ্ট হয়, তেমনই প্রয়োজনীয় পুষ্টিও উল্লেখযোগ্য ভাবে কমে যায়।

সব মিলিয়ে স্পষ্ট—সময় বাঁচাতে ফ্রিজারের সাহায্য নিলেও মাছ সংরক্ষণে সচেতনতা জরুরি। টাটকা মাছ সর্বদাই শ্রেয়, আর সংরক্ষণ করতে হলে নিয়ম মেনে নির্দিষ্ট সময়ের মধ্যেই খাওয়া উচিত।

নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole