নিউজ পোল ব্যুরো: লিওনেল মেসিকে (Lionel Messi) এক ঝলক দেখার আশায় হাজার হাজার মানুষ শনিবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড় জমিয়েছিলেন। অনেকেই মোটা অঙ্কের টাকা দিয়ে টিকিট কেটেছিলেন, কেউ আবার ভোররাত থেকে অপেক্ষায় ছিলেন। কিন্তু সেই প্রত্যাশা পূরণ হলো না। আচমকা তৈরি হওয়া বিশৃঙ্খলার কারণে নির্ধারিত সময়ের অনেক আগেই মাঠ ছাড়তে বাধ্য হন বিশ্বফুটবলের মহাতারকা। দর্শকাসন থেকে একের পর এক বোতল ছোড়া হয় মাঠের দিকে, পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। ক্ষুব্ধ দর্শকদের একাংশ মাঠে নেমে ভাঙচুর চালাতে শুরু করেন। পুরো ঘটনায় হতাশা ও ক্ষোভ ছড়িয়ে পড়ে শহরজুড়ে। এই পরিস্থিতি নিয়ে সরব হন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)।
আয়োজকদের তীব্র সমালোচনা করে তিনি প্রশ্ন তোলেন গোটা ব্যবস্থাপনা নিয়েই। তাঁর (Kunal Ghosh) বক্তব্য, “এটা কি শুধুই ব্যবসা ছিল? মানুষের আবেগ, ভালোবাসার কোনও মূল্য কি রাখা হয়েছিল?” কুণাল (Kunal Ghosh) আরও প্রশ্ন তোলেন, কেন মেসির চারপাশে অপ্রয়োজনীয় ভিড় তৈরি করা হলো, কেন মাঠ পরিক্রমার সময় তাঁকে একা এগিয়ে যেতে দেওয়া হলো না এবং কেন গ্যালারিতে বসে থাকা সাধারণ দর্শকদের বঞ্চিত করা হলো। তাঁর মতে, এই ঘটনা কলকাতার মতো ফুটবলপ্রেমী শহরের জন্য অত্যন্ত লজ্জাজনক।
শনিবার সকাল থেকেই যুবভারতীতে উত্তেজনা ছিল তুঙ্গে। আয়োজক শতদ্রু দত্ত আগেই জানিয়েছিলেন, সকাল ১১টা থেকে স্টেডিয়ামে উপস্থিত থাকবেন মেসি এবং মাঠ ঘুরে দর্শকদের অভিবাদন জানাবেন। এমনকী অভিনেতা শাহরুখ খানের উপস্থিতির কথাও শোনা গিয়েছিল। নির্ধারিত সময়ে মেসি স্টেডিয়ামে পৌঁছালেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি বদলে যায়। নিরাপত্তার অভাব এবং পরিকল্পনার ঘাটতিতে বিশৃঙ্খলা চরমে ওঠে।
এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় কুণাল ঘোষ লেখেন, “অপদার্থ আয়োজকের হাতে পড়ে সাধারণ মানুষ বঞ্চিত হলো। ন্যূনতম পরিকল্পনার ছাপ কোথায়? এখানে মেসিকে দেখানো নয়, বরং কিছু মানুষের আত্মপ্রচারই ছিল মূল উদ্দেশ্য।” তিনি আরও বলেন, কয়েকজনের অযথা আদিখ্যেতা গোটা আয়োজনটাকেই ভেস্তে দিয়েছে।
কুণাল স্মরণ করিয়ে দেন, ২০১১ সালে একই যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলতে এসেছিলেন মেসি। সেদিন কর্নার ফ্ল্যাগের পাশে বসে সাধারণ দর্শকের মতো খেলা দেখেছিলেন তিনি, কোনও হইচই বা বিশৃঙ্খলা ছাড়াই। সেই উদাহরণ টেনে কুণালের বক্তব্য, পরিকল্পনা ও শৃঙ্খলা থাকলে এমন বিশৃঙ্খলা কখনওই হতো না।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
