Pulses: হজমের সমস্যায় ভুগছেন? ডাল রান্নার আগে সঠিক সময় ভিজিয়ে রাখলেই মিলবে উপকার

লাইফস্টাইল

নিউজ পোল ব্যুরো: রোজকার খাবারের তালিকায় মাছ-মাংস থাকলেও ডাল (Pulses) ছাড়া বাঙালির পাতে যেন সম্পূর্ণতা আসে না। ভাত বা রুটির সঙ্গে সহজেই খাওয়া যায়, আবার পুষ্টিগুণেও ভরপুর এই খাদ্য। ডালে রয়েছে ফোলেট, আয়রন, ম্যাগনেশিয়াম, পটাশিয়ামের মতো গুরুত্বপূর্ণ উপাদান, যা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে ডাল খেয়ে অনেকেই গ্যাস, অম্বল বা বদহজমের সমস্যায় ভোগেন। এর অন্যতম কারণ হল রান্নার আগে ডাল না ভিজিয়ে সরাসরি রান্না করা।

আরও পড়ুন: Gold Price : ফের নিম্নমুখী সোনার দাম, জেনে নিন আজকের হলুদ ধাতুর রেট কত

আগেকার দিনে মা-ঠাকুরমারা সব ধরনের ডালই (Pulses) রান্নার আগে নির্দিষ্ট সময় জলে ভিজিয়ে রাখতেন। এই অভ্যাস শুধু রান্নাকে সহজ করত না, বরং ডাল হজম করতেও সাহায্য করত। বর্তমানে ব্যস্ত জীবনে অনেকেই এই ধাপটি এড়িয়ে যান, যার ফলে হজমের সমস্যা বেড়ে যায়। তাই ডাল রান্নার আগে সঠিক সময় ভিজিয়ে রাখা অত্যন্ত জরুরি।
প্রতিটি ডালের ভিজিয়ে রাখার সময় কিন্তু এক নয়। যেমন, সবুজ মুগডাল ভিজিয়ে রাখতে হয় প্রায় ৬ থেকে ৮ ঘণ্টা। অন্যদিকে হলুদ মুগ ডালের ক্ষেত্রে মাত্র ৩০ মিনিট ভিজিয়ে রাখলেই যথেষ্ট। ছোলার ডালও ৬ থেকে ৮ ঘণ্টা ভিজিয়ে রাখা ভাল, আর অড়হড় ডালের জন্য প্রয়োজন ২ থেকে ৩ ঘণ্টা। রাজমা বা কাবলি ছোলা তুলনামূলকভাবে বেশি সময় নেয়—এগুলি ১০ থেকে ১২ ঘণ্টা ভিজিয়ে রাখা উচিত।
মুসুর ডাল ১ থেকে ২ ঘণ্টা ভিজিয়ে রাখলেই রান্নার জন্য প্রস্তুত হয়ে যায়। কালো ছোলা ও শুকনো মটর ভিজিয়ে রাখতে হয় ৮ থেকে ১০ ঘণ্টা। বিউলির ডালের ক্ষেত্রেও প্রায় ১০ ঘণ্টা ভিজিয়ে রাখা প্রয়োজন। এই সময়গুলো মেনে চললে ডাল রান্না দ্রুত হবে এবং খেতেও হালকা লাগবে।
ডাল ভিজিয়ে রাখার পেছনে রয়েছে বৈজ্ঞানিক কারণও। ডালের মধ্যে থাকা অ্যান্টি-নিউট্রিয়েন্ট, যেমন ফাইটিক অ্যাসিড, পলিফেনল এবং ট্যানিন হজমে সমস্যা তৈরি করতে পারে। জলে ভিজিয়ে রাখলে এই উপাদানগুলির পরিমাণ অনেকটাই কমে যায়। ফলে শরীর সহজে ডালের পুষ্টিগুণ শোষণ করতে পারে। একই সঙ্গে গ্যাস বা অম্বলের সমস্যাও কমে।
বিশেষ করে ছোলার ডাল, মটর ডাল বা বিউলির ডালের মতো ভারী ডালগুলি ভিজিয়ে রাখা আরও বেশি প্রয়োজন। এতে এগুলি নরম হয় এবং রান্নার সময়ও কম লাগে। পাশাপাশি, ভিজিয়ে রাখা ডাল শরীরের জন্য বেশি উপকারী হয়ে ওঠে।
তাই সুস্থ থাকতে এবং হজমের সমস্যা এড়াতে ডাল রান্নার আগে ভিজিয়ে রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। সামান্য এই পরিবর্তনই আপনার দৈনন্দিন খাবারকে আরও স্বাস্থ্যকর করে তুলতে পারে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole