নিউজ পোল ব্যুরো: পশ্চিমবঙ্গে বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস খাওয়া বন্ধ হয়ে যাবে। তৃণমূলের এই প্রচারের জবাবে সরব হলেন বালুরঘাটের সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। বুধবার সকালে বালুরঘাটের তহবাজারে নির্বাচনী প্রচারে গিয়ে তিনি স্পষ্ট দাবি করেন, বিজেপি ক্ষমতায় এলে মাছ-মাংস বিক্রি বন্ধ তো হবেই না, বরং আরও বাড়বে।
বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়কে সঙ্গে নিয়ে মাছ ও মাংসের বাজারে ঘুরে প্রচার করেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)। সেখানে বিক্রেতা ও ক্রেতাদের সঙ্গে কথা বলে তিনি তৃণমূলের প্রচারকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ বলে অভিহিত করেন। তাঁর বক্তব্য, “বিজেপি কোথাও মাছ খাওয়া বন্ধ করেনি। ত্রিপুরায় বিজেপি সরকার রয়েছে, সেখানে বাঙালিরা নিয়মিত মাছ খান। অথচ বাংলার মানুষকে বিভ্রান্ত করতে মুখ্যমন্ত্রী মিথ্যা প্রচার করছেন।”
আরও পড়ুন: Mamata Banerjee: ‘ভোটটাই তো দিতে পারবে না!’ ডিলিটেড ভোটার ইস্যুতে বিস্ফোরক মমতা
সুকান্তর (Sukanta Majumdar)এই মন্তব্য ঘিরে পাল্টা আক্রমণ শানিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের অভিযোগ, বিজেপি শাসিত একাধিক রাজ্যে খাদ্যাভ্যাস নিয়ে বিধিনিষেধের উদাহরণ রয়েছে। তাই মানুষের মধ্যে তৈরি হওয়া সংশয় দূর করতেই এখন বিজেপি নেতাদের মাছ-মাংসের বাজারে গিয়ে প্রচার করতে হচ্ছে বলে কটাক্ষ তৃণমূলের। প্রচারের সময় সুকান্ত মজুমদার শুধু খাদ্যাভ্যাসের প্রসঙ্গই তোলেননি, পাশাপাশি বিজেপি প্রার্থীকে ‘বালুরঘাটের ভূমিপুত্র’ হিসেবেও তুলে ধরেন। তিনি দাবি করেন, বিজেপির জনপ্রতিনিধিরা সাধারণ মানুষের পাশে থাকবেন এবং এলাকার উন্নয়নে কাজ করবেন।
এছাড়াও বালুরঘাট বিমানবন্দর নিয়েও সরব হন বিজেপি নেতা। তাঁর অভিযোগ, পর্যাপ্ত পরিকাঠামো ও রক্ষণাবেক্ষণের অভাবে বিমানবন্দর থাকা সত্ত্বেও সেখানে বিমান নামানো যাচ্ছে না। বিজেপি সরকার গঠিত হলে বালুরঘাট বিমানবন্দর দ্রুত চালু করা হবে বলেও আশ্বাস দেন তিনি। নির্বাচনের আগে খাদ্যাভ্যাস থেকে উন্নয়ন বিভিন্ন ইস্যুতে রাজ্যের রাজনৈতিক তরজা আরও তীব্র হচ্ছে।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক:- https://youtube.com/@thenewspole
