নিউজ পোল ব্যুরো: গরম পড়তেই বাড়িতে লেবুর ব্যবহার বেড়ে যায় কয়েক গুণ। শরবত, লেবুর জল, স্যালাড কিংবা ডাল— সব কিছুতেই লেবুর টক স্বাদ যেন আলাদা মাত্রা যোগ করে। কিন্তু সমস্যা হল, বাজার থেকে কিনে আনার কয়েক দিনের মধ্যেই অনেক সময় লেবু (Lemon) শুকিয়ে যায়, শক্ত হয়ে যায় বা রস কমে যায়। কাটার পর দেখা যায়, ঠিক মতো রসই বেরোচ্ছে না। তবে রান্নাঘরের কিছু সহজ কৌশল মেনে চললে দীর্ঘ দিন পর্যন্ত লেবু টাটকা ও রসালো রাখা সম্ভব।
প্রথমেই মনে রাখতে হবে, লেবু (Lemon) কী ভাবে সংরক্ষণ করা হচ্ছে, তার উপরই অনেকটা নির্ভর করে তার সতেজতা। অনেকেই ফ্রিজের সব্জির ঝাঁপিতে লেবু রেখে দেন। কিন্তু এতে বরং দ্রুত শুকিয়ে যাওয়ার আশঙ্কা বাড়ে। তার বদলে একটি বাটিতে জল ভরে তার মধ্যে লেবু ডুবিয়ে ফ্রিজে রাখলে আর্দ্রতা দীর্ঘ ক্ষণ বজায় থাকে।
অনেকে আবার লেবুর গায়ে হালকা নারকেল তেল মেখে সংরক্ষণ করেন। তেলের পাতলা স্তর বাইরের বাতাসের সংস্পর্শ কিছুটা কমিয়ে দেয়। ফলে লেবুর রস দ্রুত শুকিয়ে যায় না।
এক বার লেবু কেটে ফেললে অবশ্যই সেটি ঢেকে রাখতে হবে। খোলা অবস্থায় ফ্রিজে রাখলে খুব দ্রুত শুকিয়ে যায়। তাই বায়ুরোধী পাত্র বা জিপ-ব্যাগে কাটা লেবু রাখাই ভাল। এতে রস অনেকটা বজায় থাকে।
আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, লেবুকে কখনও আলু, টম্যাটো বা পেঁয়াজের সঙ্গে রাখা উচিত নয়। এই সব্জিগুলি থেকে নির্গত গ্যাসের প্রভাবে লেবু দ্রুত নষ্ট হতে পারে। পাশাপাশি অন্য গন্ধও লেবুতে মিশে যেতে পারে।
লেবু থেকে বেশি রস বার করারও রয়েছে সহজ কৌশল। ব্যবহারের আগে রান্নাঘরের টেবিলে রেখে হাতের তালু দিয়ে কয়েক বার গড়িয়ে নিলে ভিতরের আঁশ আলগা হয়ে যায়। ফলে খুব সহজেই বেশি রস পাওয়া যায়।
যদি দেখেন লেবু বেশি পেকে গিয়েছে, তা হলে নষ্ট হওয়ার আগে রস বের করে বরফের ট্রেতে জমিয়ে রাখতে পারেন। পরে প্রয়োজন মতো সেই জমাট রস ব্যবহার করা যাবে শরবত বা রান্নায়।
লেবু কেনার সময়েও একটু সতর্ক থাকা দরকার। একেবারে হলুদ বা অতিরিক্ত পাকা লেবু দ্রুত পচে যেতে পারে। তাই হালকা সবুজ রঙের টাটকা লেবু কেনাই ভাল। সেগুলি ধীরে ধীরে পাকবে এবং বেশি দিন ব্যবহার করা যাবে। ছোট ছোট এই কৌশলগুলি মেনে চললে গরমেও লেবু দীর্ঘ দিন পর্যন্ত টাটকা, নরম এবং রসালো রাখা সম্ভব।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
