নিউজ পোল ব্যুরো: দশমীর পর থেকেই শুরু হয় বাঙালির ‘বিজয়া ঘুরে বেড়ানো’। আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, অফিস সহকর্মী—সবার বাড়িতেই চলে শুভেচ্ছা বিনিময়ের পালা। আগেকার দিনের মতো ঘরোয়া আসর আর আলতা-সিঁদুরে ঠাকুর ভাসানো না থাকলেও, বিজয়ার মিষ্টি মুখ আর খাওয়াদাওয়ার রেওয়াজ আজও অটুট। মিষ্টি, নিমকি, ঘুগনি, নারকেল নাড়ুর বাইরে যদি একটু অভিনব পদ রাখতে চান, তবে চেষ্টা করতে পারেন সুস্বাদু দহি পনির-এর (Dahi Paneer) সঙ্গে নরম পরোটা। অতিথি আপ্যায়নে এ খাবার জমে যাবে একেবারে!
আরও পড়ুন:Japan: জাপানের ইতিহাসে নতুন সূর্যোদয়, প্রথম মহিলা প্রধানমন্ত্রী হলেন সানায়ে তাকাইচি
দহি পনিরের উপকরণ
পনির ম্যারিনেট ও ভাজার জন্য:
৫০০ গ্রাম পনির, আধ চা চামচ হলুদ, আধ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা চামচ কসুরি মেথি, সামান্য নুন, ৪ চা চামচ তেল, বড় বড় চৌকো করে কাটা ১টি পেঁয়াজ ও ১টি ক্যাপসিকাম।
দইয়ের কারি তৈরির জন্য:
৪ টেবিল চামচ তেল, ৪টি তেজপাতা, ২ চা চামচ কসুরি মেথি, ২ চা চামচ গোটা জিরে, ২টি মাঝারি পেঁয়াজ কুচি, ২ চা চামচ আদা-রসুন বাটা, ১ চা চামচ হলুদ, ২ চা চামচ লঙ্কাগুঁড়ো, ১ চা চামচ জিরে গুঁড়ো, ২ চা চামচ ধনে গুঁড়ো, ৪ টেবিল চামচ বেসন, ৪ কাপ দই, ২ কাপ জল, দেড় চা চামচ নুন, দেড় চা চামচ গরম মশলা ও ৪ টেবিল চামচ ধনেপাতা কুচি।
প্রণালী
১️. প্রথমে পনিরে হলুদ, লঙ্কাগুঁড়ো, কসুরি মেথি ও নুন মিশিয়ে ম্যারিনেট করে রাখুন।
২️. কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ও ক্যাপসিকাম হালকা নেড়ে তুলে নিন।
৩. একই তেলে ম্যারিনেট করা পনির হালকা ভেজে রাখুন।
৪. অন্যদিকে একটি বাটিতে দই, হলুদ, লঙ্কা, ধনে-জিরে গুঁড়ো, বেসন ও গরম মশলা মিশিয়ে রাখুন।
৫. কড়াইয়ে নতুন করে তেল গরম করে তেজপাতা ও গোটা জিরে দিন। সুবাস এলেই পেঁয়াজ ও আদা-রসুন বাটা যোগ করুন।
৬. কাঁচা গন্ধ চলে গেলে দইয়ের মিশ্রণ ঢেলে দিন। আঁচ কমিয়ে ভালোভাবে নেড়ে নিন।
৭. সামান্য জল দিয়ে ফুটে উঠলে তাতে দিন ভাজা পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম ও কাঁচালঙ্কা।
৮. কিছুক্ষণ ঢেকে রান্না করুন। শেষে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
এই দহি পনিরের (Dahi Paneer) সঙ্গে গরম নরম পরোটা বা রুটি—দু’টিই দারুণ মানিয়ে যায়। চাইলে পাশে রাখতে পারেন লেবুর টুকরো ও সালাদও।
বিজয়ার মিষ্টিমুখের পাশাপাশি এই হালকা, সুস্বাদু, পুষ্টিকর পদ আপনার অতিথিদের মন ভরিয়ে দেবে নিশ্চিত।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
