নিউজ পোল ব্যুরো: রান্নাঘরের মশলার বাক্সেই লুকিয়ে থাকে সুস্বাস্থ্যর চাবিকাঠি। স্বাদ বাড়ানো ছাড়াও অনেক মশলাই শরীরের নানা রোগ প্রতিরোধে সাহায্য করে। তেমনই এক উপকারী উপাদান হল লবঙ্গ (Clove)। শুধু বিরিয়ানি, পোলাও বা শাহি পনিরে ঘ্রাণ বাড়ানো নয়, শরীরের ভিতরে এটি কাজ করে এক প্রাকৃতিক ওষুধের মতো। হৃদ্যন্ত্র, কোলেস্টেরল, হজম ও রক্তচাপ নিয়ন্ত্রণে লবঙ্গের ভূমিকা বহু গবেষণাতেই প্রমাণিত।
আরও পড়ুন: Child Depression : শিশুরাও ভোগে মানসিক চাপে! অভিভাবকের সচেতনতােই হতে পারে সুরক্ষার প্রথম ধাপ
প্রতিদিন সকালে খালি পেটে একটি করে লবঙ্গ (Clove) চিবিয়ে খেলে শরীর পেতে পারে নানা উপকার। এতে থাকা সক্রিয় উপাদান ইউজিনল (Eugenol) খারাপ কোলেস্টেরল (LDL) কমিয়ে ভাল কোলেস্টেরল (HDL) বাড়ায়। এর ফলে ধমনিতে প্ল্যাক জমা রোধ হয়, রক্ত চলাচল স্বাভাবিক থাকে এবং হৃদ্যন্ত্র আরও সক্রিয় হয়ে ওঠে। রক্তচাপের ভারসাম্যও বজায় রাখতে সাহায্য করে এই মশলা।
অ্যান্টি-অক্সিড্যান্ট ও প্রদাহনাশক গুণের জন্য লবঙ্গ শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে। নিয়মিত লবঙ্গ খেলে গাঁটে ব্যথা, প্রদাহ, এমনকি ত্বকের ক্লান্তি ও বার্ধক্যের লক্ষণও কিছুটা কমে যায়। হজমের ক্ষেত্রেও এটি সমান কার্যকর। হজমরস ক্ষরণ বাড়িয়ে গ্যাস, অম্বল ও পেট ফাঁপার সমস্যা দূর করে। ঠান্ডা-কাশি বা গলায় কফ জমলে লবঙ্গের তেলও আরাম দেয়।
লবঙ্গ মুখের দুর্গন্ধ রোধে এবং দাঁতের যত্নে বিশেষ ভূমিকা রাখে। এতে থাকা জীবাণুনাশক উপাদান মুখের ব্যাক্টেরিয়া দূর করে, মাড়ি শক্ত রাখে এবং দাঁতের ব্যথা কমায়। তাই নিয়মিত লবঙ্গ চিবোলে মুখ থাকে সতেজ ও স্বাস্থ্যকর।
তবে লবঙ্গের উপকারিতা যতই হোক, সবাইয়ের জন্য এটি নিরাপদ নয়। এর ইউজিনল উপাদান যকৃতের বিপাকক্রিয়ায় প্রভাব ফেলতে পারে। যাঁদের লিভার দুর্বল, তাঁদের নিয়মিত লবঙ্গ খাওয়া উচিত নয়। গর্ভবতী নারীর ক্ষেত্রেও এটি এড়িয়ে চলা ভালো, কারণ এর তীব্র গন্ধ ও রাসায়নিক উপাদান ভ্রূণের উপর সামান্য প্রভাব ফেলতে পারে। প্রবীণদের ক্ষেত্রেও অতিরিক্ত লবঙ্গ খেলে পেট জ্বালা বা গ্যাসের সমস্যা বাড়তে পারে।
এ ছাড়া লবঙ্গ প্রাকৃতিকভাবে রক্ত পাতলা করার ক্ষমতা রাখে। তাই যাঁরা রক্ত পাতলা রাখার ওষুধ খান, তাঁদের লবঙ্গ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
সবচেয়ে ভালো ফল পেতে দিনে মাত্র একটি লবঙ্গ খালি পেটে চিবিয়ে খাওয়া যথেষ্ট। জল খাওয়ার আগে কয়েক মিনিট মুখে রেখে দিলে এর ইউজিনল শরীরে ভাল ভাবে মিশে যায়। তবে অতিরিক্ত খেলে উপকারের বদলে ক্ষতি হতে পারে। তাই পরিমিতি বজায় রাখাই স্বাস্থ্যকর অভ্যাসের মূলমন্ত্র।
নিউজ পোল বাংলা ইউটিউব লিঙ্ক: https://youtube.com/@thenewspole
